বগুড়ায় ৫০০ লিটার চোলাই মদ উদ্ধার, ডিএনসির অভিযানে গ্রেপ্তার ১
বগুড়ার শেরপুরে একটি বাড়িতে মজুত করে রাখা ৫০০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় বিপ্লব মারডী নামের ২৬ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার ১৯ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে শেরপুর উপজেলার বেলগাড়ী গ্রামে ওই বাড়িতে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার ও তাঁকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০০ লিটার চোলাই মদসহ বিপ্লব মারডীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বেলগাড়ী হাসপুকুর এলাকার দেবেশ মারডীর ছেলে।
উপপরিচালক আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় চোলাই মদের একটি চালান কেনাবেচার উদ্দেশ্যে মজুত রাখার খবর পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে বিপ্লব মারডীর নিজ দখলে থাকা তিন কক্ষবিশিষ্ট সেমিপাকা বসতবাড়িতে তল্লাশি করে ড্রামে রাখা ৫০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আসলাম আলী মণ্ডল বাদী হয়ে শেরপুর থানায় একটি মামলা করেছেন।
