প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৬ ০০:৫৭
শিক্ষার্থীর মায়ের আপত্তিকর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক আটক
গাইবান্ধা জেলা সংবাদদাতাঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক শিক্ষার্থীর মাকে আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগে আবু সাঈদ নামে এক মাদ্রাসাশিক্ষককে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোবিন্দগঞ্জ পৌর এলাকার লালমাটিয়া নুরানী ক্যাডেট মাদ্রাসার তিন শিক্ষক মোহন মিয়া, ফরিদুল ইসলাম ও আবু সাঈদ ওই মাদ্রাসার এক শিক্ষার্থীর মায়ের সঙ্গে কৌশলে সম্পর্ক গড়ে তোলেন। বিভিন্ন সময়ে তাঁদের মধ্যে ভিডিও কলে যোগাযোগ হয় বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে ওই তিন শিক্ষক আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে ওই নারীর কাছ থেকে ৩ লাখ ৮০ হাজার টাকা আদায় করেন। পরে আরও টাকার জন্য চাপ দেওয়া হলে ওই নারী থানায় অভিযোগ করেন।
এরপর শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে মাদ্রাসাশিক্ষক আবু সাঈদকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় অন্য দুই শিক্ষকের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
