নীলফামারীতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় গ্রেপ্তার ৫
নীলফামারীর ডিমলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যার পর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের বার্ণিঘাট বিওপি ক্যাম্পসংলগ্ন তিস্তা নদীর তীরে মিছিলটি অনুষ্ঠিত হয় বলে স্থানীয়দের দাবি। পরদিন রোববার একটি ফেসবুক আইডি থেকে মিছিলের ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে ৪০ থেকে ৫০ জনকে দেখা গেলেও তাঁদের সবার পরিচয় ও সাংগঠনিক সম্পৃক্ততা নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওর সঙ্গে দেওয়া পোস্টে দাবি করা হয়, যুবলীগের ডাকে ছাত্রলীগের কর্মীরা মিছিল করেছেন।
স্থানীয় সূত্র জানায়, বার্ণিঘাট এলাকায় তিস্তা নদী রক্ষা কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে ‘নদী ক্যাম্প উদযাপন’ উপলক্ষে ডিঙি নৌকাবাইচ প্রতিযোগিতা ও আনন্দ উৎসবের আয়োজন করা হয়। এতে স্থানীয় লোকজন অংশ নেন। প্রতিযোগিতা শেষে বাড়ি ফেরার পথে একদল ব্যক্তি মিছিল করেন বলে স্থানীয়দের দাবি।
নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন জানান, নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির ভিডিওটি নজরে আসার পর জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, রোববার রাতে ডিমলা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে টেপাখড়িবাড়ি ইউনিয়নের উত্তর খড়িবাড়ি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে বেলাল হোসেন, ৪৫, এবং হেলাল হোসেন, ৪০, রয়েছেন। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
