ভুল নম্বরে পরিচয়, বিয়ের প্রলোভনে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
চট্টগ্রামের লোহাগাড়ায় বিয়ের আশ্বাস দিয়ে এক তরুণীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর দায়ের করা মামলায় বুধবার সকালে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ফারাঙ্গা এলাকার হারিছ মিয়া ও এহছান এবং সড়াইয়া ইউনিয়নের এয়াছিনপাড়া এলাকার নজরুল ইসলাম। টানা দুই দিন অভিযান চালিয়ে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী তরুণীর বাড়ি কক্সবাজারের রামু উপজেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে মোবাইল ফোনে ভুল নম্বরে যোগাযোগের সূত্র ধরে ওই তরুণীর সঙ্গে এহছানের পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে এহছান ওই তরুণীকে লোহাগাড়ায় নিয়ে আসেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত শনিবার কক্সবাজারের রামু থেকে রওনা দিয়ে রাত ১১টার দিকে কেরানীহাটে পৌঁছান ওই তরুণী। সেখান থেকে এহছান তাঁকে সিএনজিচালিত অটোরিকশায় করে লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ফারাঙ্গা এলাকার একটি বাগানে নিয়ে যান। সেখানে এহছান ও তাঁর দুই সহযোগী তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
পরে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে লোহাগাড়া থানায় মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত প্রশান্ত কুমার ভৌমিক বলেন, তরুণীকে ধর্ষণের অভিযোগে তিনজনকে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
