প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৬ ০১:২৪

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সব সম্পদের বিনিময়ে মুক্তি চান শিক্ষক সাগর

চাঁদনী ডিজিটাল ডেস্ক রিপোর্টঃ
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সব সম্পদের বিনিময়ে মুক্তি চান শিক্ষক সাগর

নেত্রকোনার মদনে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও গর্ভবতী করার অভিযোগে করা মামলার রায়ের তারিখ নির্ধারণ করেছেন আদালত। বুধবার ২৮ অক্টোবর যুক্তিতর্ক শেষে আগামী ১১ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে।

নেত্রকোনা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুছ সালামের আদালতে মামলাটির যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। এ সময় মামলার প্রধান আসামি মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর নিজের সম্পদের বিনিময়ে মামলা থেকে অব্যাহতি পাওয়ার আকুতি জানিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আদালতের প্রশ্নের জবাবে সাগর তাঁর মাত্র ১২ শতাংশ জমি রয়েছে বলে জানান। এ সময় আসামিপক্ষের আইনজীবী আনিসুর রহমান আপসের বিষয়ে কথা বলতে চাইলে বিচারক তা নাকচ করে দেন বলে জানা গেছে।

শুনানিতে বিচারক ঘটনাস্থলের আশপাশে সিসিটিভি ক্যামেরা ছিল কি না, তা জানতে চান। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর মো. নূরুল কবীর রুবেল আদালতকে জানান, শিশুটিকে একাধিকবার ধর্ষণ করা হয়েছিল।

মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে সিআইডির ডিএনএ পরীক্ষার প্রতিবেদনের কথা উল্লেখ করেছে রাষ্ট্রপক্ষ। প্রতিবেদনে ভুক্তভোগী শিশুর জন্ম দেওয়া নবজাতকের সঙ্গে অভিযুক্ত শিক্ষক সাগরের ডিএনএর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়া গেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এ ছাড়া পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. নূরুল কবীর রুবেল বলেন, মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে এবং ১১ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে। তাঁর দাবি, রাষ্ট্রপক্ষ প্রয়োজনীয় নথিপত্র আদালতে উপস্থাপন করেছে এবং অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে। তিনি আসামির সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করেন।

উপরে