প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৬ ০১:৪৭
রংপুরের শ্যামাসুন্দরী খালের কাজ আগামী জুনের মধ্যে শেষ করতে হবে —পানি সম্পদ প্রতিমন্ত্রী
জালাল উদ্দিন, রংপুর
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, রংপুরের শ্যামাসুন্দরী খাল পুনঃখননের অবশিষ্ট কাজ আগামী জুনের মধ্যে শেষ করতে হবে। বুধবার (২৮শে অক্টোবর) বিকালে রংপুরে শ্যামাসুন্দরী খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শ্যামাসুন্দরী খালের উন্নয়ন শুধু পানি সম্পদ মন্ত্রণালয়ের বিষয় নয়; এর সঙ্গে সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের কার্যক্রমও জড়িত। প্রায় ১৪ কোটি ৭৩ লাখ টাকার এই প্রকল্পের কাজ এক বছরে মাত্র ১৮ শতাংশ সম্পন্ন হয়েছে। এখনো ৮২ শতাংশ কাজ বাকি রয়েছে। এই কারণে প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন ও তদারকি করা হচ্ছে। তিনি বলেন, শহরের পাশ দিয়ে প্রবাহিত নদী, খাল ও জলাশয়ের নাব্যতা ফিরিয়ে আনা এবং সেগুলো পরিচ্ছন্ন রাখার মাধ্যমে পরিবেশদূষণ কমানো সম্ভব। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা দেশের খাল, নদী ও জলাশয় পুনরুদ্ধার এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে সংশ্লিষ্টদের সম্পৃক্ত করা হচ্ছে, যাতে এসব জলাধার প্রাণ ফিরে পায় এবং শহরের বর্জ্য যথাযথভাবে অপসারণ করা যায়। শ্যামাসুন্দরী খালকে দূষণমুক্ত রাখতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, খালের আশপাশের কিছু বাড়িঘর থেকে রাতে প্লাস্টিকে মোড়ানো বর্জ্য খালে ফেলে দেওয়া হয়। এই ধরনের কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, খালের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পরিচয় বিবেচনায় নেওয়া হবে না। প্রকল্পের আওতায় ড্রেন নির্মাণের পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রকৌশলীরা কাজ করছেন। প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার পর কোনো সমস্যা চিহ্নিত হলে তা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এজন্য তিনি প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্টদের গুরুত্বসহকারে কাজ করার আহ্বান জানান। এসময় রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
