প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২৬ ১২:১৯

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ৬ ঘণ্টা টোলমুক্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

চাঁদনী ডিজিটাল ডেস্ক রিপোর্টঃ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ৬ ঘণ্টা টোলমুক্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শনিবার (৭ নভেম্বর) ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত থাকছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এ সময়ে সব ধরনের অনুমোদিত যানবাহন কোনো টোল ছাড়াই এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী যানবাহনকে কোনো টোল দিতে হবে না। দুপুর ১২টার পর থেকে আবার নিয়মিত হারে টোল আদায় শুরু হবে।

নিয়মিত টোলের হার অনুযায়ী, কার, ট্যাক্সি, এসইউভি, ১৬ আসনের কম মাইক্রোবাস এবং ৩ টনের কম হালকা ট্রাকের জন্য ৮০ টাকা নির্ধারিত রয়েছে। ১৬ আসন বা তার বেশি আসনের বাসের টোল ১৬০ টাকা। ছয় চাকা পর্যন্ত মাঝারি ট্রাকের জন্য ৩২০ টাকা এবং ছয় চাকার বেশি ভারী ট্রাকের জন্য ৪০০ টাকা টোল দিতে হয়।

তবে রিকশা, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশাসহ দুই ও তিন চাকার যানবাহন এক্সপ্রেসওয়েতে চলাচল করতে পারে না।

সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বাস্তবায়নাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের মোট দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার। ২০২৩ সালের সেপ্টেম্বরে বিমানবন্দরসংলগ্ন কাওলা থেকে এফডিসি পর্যন্ত অংশটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

পরিকল্পনা অনুযায়ী, কাওলা থেকে তেজগাঁও, মগবাজার ও কমলাপুর হয়ে যাত্রাবাড়ীর কুতুবখালী পর্যন্ত এক্সপ্রেসওয়েটি নির্মাণের কথা রয়েছে। তবে পুরো প্রকল্পের কাজ এখনো শেষ হয়নি। বর্তমানে কাওলা থেকে এফডিসি পর্যন্ত চালু অংশে যান চলাচল করছে।

উপরে