মাদক বিক্রিতে বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙার অভিযোগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে আবুল কালাম নামে এক পুলিশ সদস্যকে মারধর করে হাত-পা ভেঙে দেওয়া এবং পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবুল কালাম আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে তারাবো পৌরসভার মাসাবো এলাকায় মাদক বিক্রি বন্ধে কাজ করছিলেন আবুল কালাম। এরই ধারাবাহিকতায় স্থানীয় দুই মাদক কারবারি শাহাদাত ও এমদাদুলকে পুলিশে ধরিয়ে দেন তিনি। এরপর থেকে শাহাদাতের ছোট ভাই শাহজালাল তাঁকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার রাতে শাহজালাল ফোন করে আবুল কালামকে একটি নির্জন বিলে ডেকে নেন। সেখানে শাহজালালসহ ১০ থেকে ১৫ জন মিলে তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা তাঁকে মারধর করে হাত-পা ভেঙে দেন এবং পায়ের রগ কেটে দেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আবুল কালামের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) পাঠানো হয়।
ইউএস-বাংলা হাসপাতালের ম্যানেজার রনি হোসেন জাগো নিউজকে বলেন, ‘গতরাতে আবুল কালাম নামের একজন রোগী আমাদের হাসপাতালে এসেছিলেন। তার পায়ের হাড় ভাঙা ও রগে মারাত্মক জখম ছিল। আমাদের এখান থেকে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য টাকায় পাঠিয়ে দেওয়া হয়।’
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ‘ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’
