রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের দুই শিশুসহ নিহত ৪
কক্সবাজারের রামুতে আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াতে যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। তাঁদের মধ্যে দুই শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। এক পরিবারের সদস্যদের আনন্দযাত্রা মুহূর্তেই বিষাদে পরিণত হয়।
শুক্রবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাড়িরমাথা এলাকার একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল (৪৫), তাঁর বোন কাশিফা জান্নাত (২০), কাশিফার তিন বছর বয়সী ছেলে সাহিল এবং পাঁচ মাস বয়সী মেয়ে মাশরুফা।
দুর্ঘটনায় আহত হয়েছেন সাজ্জাদের স্ত্রী তানিয়া আকতার (২২) ও কাশিফার স্বামী সাকিল আহমদ (৪০)। তাঁদের কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, আহতদের মধ্যে তানিয়ার অবস্থা আশঙ্কাজনক।
নিহত সাজ্জাদের স্বজন মনোয়ারা বেগম জানান, শুক্রবার জুমার নামাজের পর পরিবারের সদস্যরা রামুর উমখালীতে এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন। বেলা সাড়ে ৩টার দিকে দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে কক্সবাজারগামী ট্রেনটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন অন্যরা।
রেলওয়ে পুলিশ কক্সবাজার আইকনিক থানার পরিদর্শক মোজাফফর আহমদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
এদিকে কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার জয়েনাল আবেদিন বলেন, ট্রেন আসার আগমুহূর্তে অটোরিকশাটি রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করছিল। চালকের অসাবধানতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
