রাজশাহীতে পানবরজ থেকে নারীর মরদেহ উদ্ধার
রাজশাহীর মোহনপুর উপজেলায় বাড়ির পাশের একটি পানের বরজ থেকে ৪২ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত নারীর নাম শেফালী বেগম। তিনি উপজেলার করিশা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী। তাঁর বাবার নাম কোঁকড়া।
পুলিশ ও পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনগত রাতে প্রতিদিনের মতো খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান শেফালী। রাত আনুমানিক আড়াইটার দিকে বাড়ির বাইরে শব্দ শুনে তাঁর ছেলে মো. নবাব আলীর ঘুম ভেঙে যায়। ঘর থেকে বের হয়ে তিনি দেখতে পান, বাড়ির মূল ফটক বন্ধ থাকলেও তাঁর মা ঘরে নেই।
পরে আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি পানের বরজে মায়ের মরদেহ পড়ে থাকতে দেখেন নবাব আলী।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে হত্যা করা হয়েছে।
তিনি আরও বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তদন্ত শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
