কিশোরগঞ্জে ট্রাক্টর-অটোভ্যানের সংঘর্ষে যুবক নিহত, আহত ৪
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ট্রাক্টর ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে সুজন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোভ্যানের আরও চার যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) ভোরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের কামালের স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন ওই ইউনিয়নের কামারপাড়া গ্রামের সোনাতন চন্দ্র রায়ের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে গণেশের বাজারে অনুষ্ঠিত একটি নাইট ক্রিকেট টুর্নামেন্টে খেলতে গিয়েছিলেন সুজন ও তাঁর কয়েকজন সঙ্গী। খেলা শেষে ভোরের দিকে তাঁরা অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে কামালের স্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে অটোভ্যানটির সংঘর্ষ হয়।
সংঘর্ষের ধাক্কায় অটোভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন সুজন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আহত অপর চারজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
