বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বগুড়ায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকাদের সংগঠন মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় বগুড়া বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের সাতমাথায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা সভাপতি মাওলানা শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান, মহানগর কমিটির সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহীন রেজা, সদর উপজেলা সভাপতি মাওলানা আবু সাঈদ ও মাওলানা আব্দুল করিম প্রমুখ।
বক্তারা বলেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষক-শিক্ষিকারা বিভিন্ন বয়সী শিক্ষার্থীদের কোরআন, হাদিস ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে আসছেন। পাশাপাশি সরকারের গুরুত্বপূর্ণ বার্তা অল্প সময়ের মধ্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তাঁরা।
তাঁরা আরও বলেন, দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করলেও শিক্ষক-শিক্ষিকা ও কেয়ারটেকারদের চাকরি স্থায়ীকরণ, রাজস্ব খাতে অন্তর্ভুক্তি এবং গ্রেডভিত্তিক বেতন প্রদানের দাবি বাস্তবায়ন হয়নি। মানববন্ধন থেকে এসব দাবি দ্রুত মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
মানববন্ধন শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
