ক্ষেতলালে ধানক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হন্তনাবাদ এলাকার একটি ধানক্ষেত থেকে নুর মোহাম্মদ রাব্বি (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় এক ব্যক্তি ধানক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে তারা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত রাব্বি বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব গ্রামের খলিলুর প্রামাণিকের ছেলে।
নিহতের খালা তাহিমা ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহটি রাব্বির বলে শনাক্ত করেন। পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় রাব্বি। এরপর সে আর বাড়ি ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান নিখোঁজের ঘটনায় জিডি করার বিষয়টি নিশ্চিত করেছেন।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, কিশোরের মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
