প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৬ ০০:১২

বৃষ্টি কাদার মধ্যেই শেষ হলো রাজশাহী বিভাগীয় পর্যায়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা

ফয়সাল আলম, রাজশাহী
বৃষ্টি কাদার মধ্যেই শেষ হলো রাজশাহী বিভাগীয় পর্যায়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ের জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে। ছেলেদের বিভাগে ফুটবল,কাবাডি ও ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছে  পাবনা। বাস্কেটবল ও ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী। হকিতে চ্যাম্পিয়ন হয়েছে জয়পুরহাট।

মেয়েদের বিভাগে ফুটবল ও হ্যান্ডবলে জয়পুরহাট, কাবাডি ও বাস্কেটবলে বগুড়া চ্যাম্পিয়ন  হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক বোরহানউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিন দিনব্যাপী আয়োজিত  প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের আট জেলার ছেলে ও মেয়ে গ্রুপে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ৩২ কলেজের মোট ৭২টি ইভেন্টে ৯৫০ জন শিক্ষার্থী বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজে ‘জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হলেও প্রতিযোগিতা শুরু হয় গত শুক্রবার (২০ নভেম্বর)। শুরুতেই বৃষ্টির কবলে পড়ে প্রতিযোগিতার সকল আয়োজন। রাজশাহী শারীরিক শিক্ষা কলেজের মাঠ বৃষ্টির পানি ও কাদায় একাকার হয়ে যায়। এরমধ্যেই অনুষ্ঠিত হয় হ্যান্ডবল,কাবাডি, অ্যাথলেটিক্সসহ অন্যান্য সব ইভেন্টের খেলা। মাঠে কাদা ও পানি থাকায় ক্রিকেট ম্যাচ ইনডোরে অনুষ্ঠিত হয়। বৃষ্টির কারণে আউটডোরের সকল ইভেন্টের খেলা পরিচালনাতেই বিঘ্ন ঘটে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক বোরহানউদ্দিন জানান,বিভাগীয় এই প্রতিযোগিতার অংশগ্রহণকারীদের মধ্য থেকে ২৮৪ জন প্রতিযোগী পরবর্তীতে ঢাকা বিকেএসপিতে অনুষ্ঠতব্য জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

উপরে