মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন
চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) ভোরে মিরসরাই সদরের শাখাটিতে এ ঘটনা ঘটে। পরে ব্যাংকের নাইটগার্ড ও কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার একটি ভিডিও শনিবার সন্ধ্যায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজনের ফেসবুক আইডিতে দেখা যায় বলে জানা গেছে।
গ্রামীণ ব্যাংকের মিরসরাই সদর শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার অফিস শেষে তিনি ও কয়েকজন কর্মী বাড়ি চলে যান। শনিবার সকালে অগ্নিকাণ্ডের খবর পান।
ব্যবস্থাপক বলেন, ঘটনার সময় নাইটগার্ড রনজিত কুমার নাথ বাইরে পাহারায় ছিলেন। ভোরে আলো ফোটার আগে গাছগাছালির আড়াল থেকে কয়েকজন দুর্বৃত্ত শাখার সামনের সাইনবোর্ড, গেটের ভেতরে ও দোতলার দিকে কয়েকটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে দেয়াল ও গেটে আগুন ধরে যায়।
নাইটগার্ড বিষয়টি জানাতে ফোন করলে ওপরের তলায় থাকা প্রোগ্রাম ম্যানেজার জুনায়েদ হোসেনসহ অন্যরা ছুটে আসেন। পরে সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
খবর পেয়ে মিরসরাই থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে। পাশাপাশি ঘটনাস্থল ও আশপাশে টহল দেয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, খবর পেয়ে তিনি পুলিশ দল নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যান। পুলিশ পৌঁছানোর পর সেখানে আগুন দেখা যায়নি। ঘটনার তদন্ত চলছে। ব্যাংক কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
