‘সৎ সাহস থাকলে আইনের কাছে আত্মসমর্পণ করুন’: মন্ত্রী জাহিদ হোসেন
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “পালিয়ে গিয়ে দেশের বাইরে থেকে আদেশ দিয়ে মানুষের বাড়িঘর পুড়িয়ে দেওয়া রাজনীতি নয়। সৎ সাহস থাকলে আইনের কাছে আত্মসমর্পণ করুন।”
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রীর ৫ ডিসেম্বরের সফর উপলক্ষে মহিমাগঞ্জের রংপুর চিনিকল উচ্চ বিদ্যালয় মাঠে জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে জানে। এ কারণেই ৫ আগস্ট অনেক বাহিনী গঠন করেও নিজেকে রক্ষা করতে না পেরে পালিয়ে যেতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাধারণ মানুষের মধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ করবেন। এ ছাড়া করতোয়া নদী পুনঃখনন প্রকল্প এবং নবনির্মিত ফ্লাইওভার উদ্বোধন করবেন।
এ সময় উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন এমপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো, জেলা পরিষদের প্রশাসক ডা. মইনুল হাসান সাদিক, জেলা প্রশাসক ড. মনিরুজ্জামান, বিএনপির রংপুর বিভাগীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনুসহ জেলা ও উপজেলা বিএনপির নেতারা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
