রংপুরে কাভার্ড ভ্যানের চাপায় বেরোবি শিক্ষার্থীর মৃত্যু
রংপুরের দর্শনা বটতলা এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় মো. আফিক হাসান অভি নামে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফিক হাসান অভি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, দুপুরে মোটরসাইকেলে যাওয়ার সময় দর্শনা বটতলা এলাকায় একটি কাভার্ড ভ্যানের চাপায় গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে রিকশায় করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তাঁর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের সামনে রাখা হয়েছে।
এদিকে, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রংপুর মহানগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল-সংলগ্ন এলাকা থেকে পুলিশ গাড়িটি আটক করে। আটক কাভার্ড ভ্যানটির নম্বর ঢাকা মেট্রো-ট-১৪-১৮৬২।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তৎপর রয়েছে। দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।
