প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬ ০১:১৭

ঠাকুরগাঁওয়ে পেছন থেকে বাসের ধাক্কা, মোটরসাইকেল আরোহী নিহত

ঠাকুরগাঁও সংবাদদাতা
ঠাকুরগাঁওয়ে পেছন থেকে বাসের ধাক্কা, মোটরসাইকেল আরোহী নিহত

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় চিত্র রায় (৫০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সুবোধ সিংহ (৫৫) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার সকালে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের হাজির মোড়ে রিফাত পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে দিনাজপুর থেকে পঞ্চগড়ের দিকে যাচ্ছিল রিফাত পরিবহনের একটি যাত্রীবাহী গেইটলক বাস। এ সময় একই পথে চলাচলরত মোটরসাইকেলটিকে বাসটি পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে চিত্র রায় মারা যান। অপর আহত সুবোধ সিংহের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত চিত্র রায় ঠাকুরগাঁও সদর উপজেলার তেঁতুলিয়া গ্রামের খোকা রামের ছেলে। আহত সুবোধ সিংহ একই উপজেলার আখচা ডাক্তারপাড়া গ্রামের যতীনের ছেলে।

বোদা হাইওয়ে থানার উপপরিদর্শক নুর হোসেন টেলিফোনে জানান, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

উপরে