প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬ ২০:০৬

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বগুড়ায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ভারতের প্রশ্রয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে- এমপি বাদশা
ষ্টাফ রিপোর্টার
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বগুড়ায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। রবিবার বিকেলে শহীদ খোকন পার্ক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সন্ধ্যার আগ মুহূর্তে নগরীর সাতমাথা জুলাই স্মৃতিস্তম্ভের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি। এ সময় তিনি বলেন, ভারতের আশ্রয় প্রশ্রয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে, যা দাঁতভাঙ্গা জবাবের মধ্য দিয়ে প্রতিহত করা হবে। তিনি বলেন, বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি। বগুড়ার রাজপথে ফ্যাসিস্টের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলতে এক যুবদলই যথেষ্ট। নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ কে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দেশবিরোধী ষড়যন্ত্র করলে কাউকেই ছাড় দেয়া হবে না। এই বগুড়ায় কোন ফ্যাসিস্ট মাথা চাড়া দিলে তা ঐক্যবদ্ধ শক্তি দিয়ে প্রতিহত করা হবে। সমাবেশে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, দেশকে অস্থিতিশীল করার এই ষড়যন্ত্রের পেছনে ফ্যাসিস্ট এর দোশর সাংবাদিকরাও ভূমিকা রাখছে। তারা বিভিন্ন ঘটনা ভিন্ন খাতে প্রচার করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে যে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। একই সাথে তিনি ভবিষ্যতে সাংবাদিকদের পেশাদার আচরণের জন্যেও আহবান জানান। সমাবেশে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও রাজশাহী বিভাগীয় সমন্বয়ক জিয়াউল হক জিয়া, সহ-সাধারণ সম্পাদক রুহুল ইসলাম মনি এবং ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন জনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি ও সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাস ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলামসহ ২৬টি ইউনিটের নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিল ও সমাবেশে যুবদলের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিল থেকে নেতাকর্মীরা ফ্যাসিস্ট বিরোধী নানা স্লোগান দেন। ঐক্যবদ্ধ কন্ঠে তারা রাজপথে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রসঙ্গে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, দীর্ঘ ১৭ বছর বগুড়ার রাজপথে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ হিসেবে তারা রাজপথে গণতন্ত্রের আন্দোলন করে গেছেন। রাজপথেই তাদের রাজনীতির হাতে খড়ি। আজ যখন বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে তখন নিষিদ্ধ সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোশরেরা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশের সম্পদ বিনষ্ট করা হচ্ছে যা দু:খজনক। তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান বিশৃংখল রাজনীতি পছন্দ করেন না। তিনি শান্ত থেকে সকল নেতিবাচক পরিস্থিতি মোকাবেলা করতে পারেন। তবে যে কোন ষড়যন্ত্র মোকাবেলায় বগুড়ার রাজপথে যুবদল সদা প্রস্তুত আছে মর্মে জানান তিনি। পাশাপাশি আগামী ৫ই ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফরকে ঘিরে তারা সব ধরনের প্রস্তুতিও নিয়েছেন বলে জানান আবু হাসান।
উপরে