প্রকাশিত : ৭ জুলাই, ২০২৩ ১৫:৫৭

আগের মতোই থাকবে সবকিছু: লিটন

অনলাইন ডেস্ক
আগের মতোই থাকবে সবকিছু: লিটন

গত বছর ডিসেম্বরে ভারতের বিপক্ষে দেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তামিম ইকবাল না খেলায় দল পরিচালনায় ছিলেন লিটন দাস।

ওই সিরিজে আহামরি কিছু করেননি। ৩ ম্যাচে সাকুল্যে ৭৭ রান ( ৪১, ৭, ২৯)। কিন্তু অধিনায়ক লিটনের সে সিরিজ স্মরণীয় হয়ে আছে। মাশরাফি বিন মর্তুজার পর তার নেতৃত্বেই দেশের মাটিতে দ্বিতীয় বার ভারতকে ওয়ানডে সিরিজে ২-১‘এ হারানোর কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশ।

এবার আবার অধিনায়ক লিটন। তবে এবারকার পরিবেশ-পরিস্থিতি আর প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন।নিয়মিত অধিনায়ক তামিম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেয়ায় চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে শেষ ২ ওয়ানডেতে ক্যাপ্টেন লিটন।

এভাবে দল পরিচালনার দায়িত্ব পাবার অনুভূতি কেমন? তিনি কি অস্বস্তিবোধ করছেন, নাকি সব কিছু আগের মতই আছে? 

শুক্রবার দুপুরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কনফারেন্স হলে গণমাধ্যমের সামনে কথা বলতে এসে এমন প্রশ্নের মুখোমুখি হন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক। উত্তরে যা বলেছেন, তার সারমর্ম হলো, সব আগের মতই আছে। এবারও ভিন্ন কিছু নেই।

লিটন বলেন, 'দেখেন, বাংলাদেশের অধিনায়ক হওয়া গর্বের বিষয়। আগে যেভাবে বলেছি, চেষ্টা করেছি আমার দলকে সেরা কিছু দেওয়ার। অবশ্যই বাংলাদেশের হয়ে ম্যাচ জেতার। তো এবারও ভিন্ন কিছু নেই। আমি চেষ্টা করব ভালো কিছু করার।’

সিরিজের এক ম্যাচ যেতেই তামিম অধিনায়কত্ব ছাড়লেন। নিয়মিত অধিনায়কের সরে দাঁড়ানো দলে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে কিনা? লিটনের জবাব, ‘না। দেখেন, উনি আগের ম্যাচে ছিল কিন্তু এ ম্যাচে নেই। সাম হাউ উনি যদি ইনজুরড হতেন, আমরা কিন্তু উনার বিকল্প নিয়ে খেলতাম। সো আমার মনে হয় না এরকম কিছু চেঞ্জ আসবে। আগের মতোই থাকবে সবকিছু।’

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে