প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০০:২২

২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা

চাঁদনী ডিজিটাল ডেস্ক রিপোর্টঃ
২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা

২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) খসড়া নীতিমালা অনুযায়ী, দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণিতে ৫০ নম্বর এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে ১০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব করা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর কার্যকর হবে।

মাউশি কর্মকর্তারা জানান, আগামী নভেম্বরের মধ্যে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শূন্য আসনের তথ্য সংগ্রহ করা হবে। এরপর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

খসড়া নীতিমালা অনুযায়ী, দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির ভর্তি পরীক্ষা হবে ৫০ নম্বরের। সময় থাকবে এক ঘণ্টা। বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর থাকবে।

অন্যদিকে ষষ্ঠ থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের। পরীক্ষার সময় দুই ঘণ্টা। বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব করা হয়েছে।

মাউশির কর্মকর্তারা জানান, আগামী ১৭ ডিসেম্বরের পর ভর্তি পরীক্ষা আয়োজনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। তবে পরীক্ষার চূড়ান্ত তারিখ ও অন্যান্য বিষয় মন্ত্রণালয় নির্ধারণ করবে।

মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, অধিদপ্তর থেকে শিগগিরই এ বিষয়ে একটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর ভর্তি নীতিমালা জারি করা হবে।

উল্লেখ্য, ২০২১ শিক্ষাবর্ষ থেকে সরকারি-বেসরকারি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি হয়ে আসছিল। নতুন উদ্যোগে প্রথম শ্রেণিতে লটারি বহাল রেখে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

উপরে