প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৬ ০০:২২

শখের রাজা ডাকটিকিট সংগ্রহে নিবেদিত বগুড়ার সংগ্রাহক সাংবাদিক ডলার

নিজস্ব প্রতিবেদক
শখের রাজা ডাকটিকিট সংগ্রহে নিবেদিত বগুড়ার সংগ্রাহক সাংবাদিক ডলার
ছবিতে সিনিয়র সাংবাদিক সৈয়দ ফজলে রাব্বী ডলার ও তার সংগৃহীত ডাকটিকিটসমূহ। -চাঁদনী বাজার

বিচিত্র এই পৃথিবীতে মানুষ নানা শখ পুরণে সদা তৎপর থাকে এবং এই শখ পুরণ করতে গিয়েই  অনেকে খ্যাতিমানদের তালিকায় নিজের নাম লিখিয়ে আলোকিত মানুষে রূপান্তরিত হন। এমনি শখের মাঝে ডাকটিকিট সংগ্রহ একটি অন্যতম শখ। এ শখের সূচনা হয় বৃটেনের রাজাদের কাছ থেকেই। এ জন্যই ডাকটিকিটকে শখের রাজা বা রাজার শখ বলেও অভিহিত করা হয়। এটি শখ হলেও এর মাধ্যমে একটি দেশ, জাতি, সভ্যতা তাদের সংস্কৃতি সম্পর্কে জানা যায়। ডাকটিকিট সংগ্রহ একদিকে যেমন উৎকৃষ্ট বিনোদন, অন্যদিকে তেমনি আয়বর্ধক একটি উৎসবও বটে। মূলত: ডাকটিকিট সংগ্রহের মাধ্যমে একজন মানুষ তার মন ও মননশীলতাকে বিকশিত ও উন্নত করার শিক্ষা পেতে পারে। এমনি একজন সৌখিন মানুষ হলেন বগুড়ার সিনিয়র সাংবাদিক সৈয়দ ফজলে রাব্বী ডলার। রাজধানী ঢাকা কেন্দ্রিক যাদের জীবন-যাত্রা অতিবাহিত হয়, তাদের পাশাপাশি মফস্বল শহরে বসবাসকারী কেউ কেউ রয়েছে যারা নানা প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতা সত্ত্বেও সৌখিন খেয়ালী শখ পূরণে সচেষ্ট থাকেন। তেমনি একজন মফস্বল সংগ্রাহক হচ্ছেন সৈয়দ ফজলে রাব্বী ডলার। বগুড়ার সাংবাদিক অঙ্গনের প্রিয় নাম সৈয়দ ফজলে রাব্বী ডলার। তারুণ্যনির্ভর এই সৌখিন মানুষ ছাত্র জীবন থেকেই একজন একনিষ্ঠ ডাকটিকিট সংগ্রাহক হিসেবে জেলায় পেয়েছেন আলাদা পরিচিতি। এর পাশাপাশি তার রয়েছে সৃজনশীল সাহিত্য কর্ম। ৯০ দশকে ছাত্রজীবন শেষে কর্মজীবনে প্রবেশ করলেও সংগ্রহে বিন্দুমাত্র ভাটা পড়েনি তার। বরং শখের বিষয়ে বৈচিত্র্য ব্যাপকতা ঘটেছে। তেমনি ভাবে সংগ্রহের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। সৈয়দ ফজলে রাব্বী ডলারের সংগ্রহে রয়েছে বর্তমানে প্রায় দুই শতাধিক দেশের প্রকাশিত ৫ সহস্রাধিক ডাকটিকিট এবং উদ্বোধনী খাম। তন্মধ্যে স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশের প্রথম ডাকটিকিট (৫২-এর ভাষা সৈনিকদের স্মরণে শহীদ মিনার প্রচ্ছদ সম্বলিত) প্রবাসী বাংলাদেশ সরকার কর্তৃক কলকাতা থেকে ১৯৭১ সালের ২৯ জুলাই প্রকাশিত ৮টি টিকিটের এক সেট স্মারক ডাকটিকিট। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুর উপর প্রকাশিত সৃজনশীল ও শতাধিক উদ্বোধনী খাম, অনেক দুর্লভ বিদেশী ডাকটিকিট, দেশী-বিদেশী ধাতব মুদ্রা, ব্যাংক নোট রয়েছে। শুধু তাই নয় সৈয়দ ফজলে রাব্বী ডলার বগুড়া শহরের উৎসাহী ডাকটিকিট সংগ্রাহককে নিয়ে স্থানীয় ডাক বিভাগের সহযোগিতায় বিগত ১৯৯৫ সালে বগুড়ায় গড়ে তুলেছেন বগুড়া ফিলাটেলিক সোসাইটি। এই সোসাইটির পক্ষ থেকে শহরে একাধিক ডাকটিকিট প্রদর্শনী, বগুড়া রোটারী মেলার একাধিক ইভেন্টে ডাকটিকিট, ধাতব মুদ্রা, ব্যাংক নোট প্রদর্শন, বগুড়া শিশু একাডেমী আয়োজিত শিশু মেলায় ফিলাটেলিক সোসাইটির ক্ষুদে সংগ্রাহকদের মাধ্যমে ডাকটিকিট প্রদর্শনী সহ বিগত ’৯৬ সালে রাজশাহী বিভাগীয় পর্যায়ে ডাক বিভাগ আয়োজিত প্রদর্শনীতে ৫ সদস্যের টিম নিয়ে উক্ত প্রদর্শনীতে অংশগ্রহণ এবং পুরস্কার অর্জন প্রভৃতি তৎপরতা অব্যাহত রেখেছেন। এর পাশাপাশি সাংবাদিক সৈয়দ ফজলে রাব্বী ডলার- ডাকটিকিট সংক্রান্ত তথ্যবহুল বিভিন্ন ফিচার নিয়মিত লেখেন ও ডাকটিকিট বিষয়ক ম্যাগাজিন, লিফলেট প্রকাশ করেন। যে গুলো প্রতিবছর ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবসে প্রকাশিত হয়ে থাকে। এ ছাড়া তার লেখা ডাকটিকিট সংক্রান্ত ফিচার সমূহ জাতীয় ও আঞ্চলিক পত্রিকা সমুতে প্রকাশিত হয়েছে এবং ধারাবাহিকতা অদ্যাবধি অব্যাহত রয়েছে।  সাংবাদিকতা পেশায় সর্বদা ব্যস্ততা সত্ত্বেও দেশের বিভিন্ন প্রান্তে ডাকটিকিট, ব্যাংক নোট, কয়েন প্রদর্শনীর সংবাদ পেলেই ছুটে যান সাংবাদিক সৈয়দ ফজলে রাব্বী ডলার। বর্তমান অবক্ষয়িত সমাজে সৈয়দ ফজলে রাব্বী ডলারের নেতৃত্বে সুস্থ ধারা ও সৃষ্টিশীল সৌখিন কর্মে নিয়োজিত একদল তরুণের নীতিবাদী কর্মকাণ্ডকে উৎসাহ প্রদান সর্বাগ্রে প্রয়োজন। পাশাপাশি ফিলাটেলিকে জনপ্র্রিয় করতে ডাক বিভাগ উদ্যোগ গ্রহণ করলে মাদকমুক্ত হবে সমাজ। কিশোর তরুণদের মাদকের নেশা মুক্ত জীবন গড়তে ডাকটিকিট সংগ্রহ একটি বড় ভূমিকা পালন করতে পারে। কেননা ডাকটিকিট সংগ্রহ শুধু শখ নয়, এর মধ্যে দিয়ে অর্থ আয়েরও সুযোগ তৈরির অপার সম্ভাবনা রয়েছে। যা তরুণদের মেধাকে সানিত করবে এবং তারা বুদ্ধীদীপ্ত কর্মীয় স্পৃহায় উজ্জীবিত হয়ে জাতির জন্য মঙ্গল বয়ে আনবে। এক্ষেত্রে অবশ্য সরকারি পৃষ্ঠপোষকতা একান্ত প্রয়োজন। 
বিশ্বব্যাপী ডাকটিকিট সংগ্রাহকদের তালিকায় রয়েছেন ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জ থেকে শুরু করে রাজা ৬ষ্ঠ জর্জ, রানী দ্বিতীয় এলিজাবেথ, আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট, মিশরের রাজা ফুয়াদ, সুইডেনের রাজা গুস্তভ, স্পেনের রাজা আলফানসো, রুমানিয়ার রাজা ক্যারোল, জার্মানির লৌহমানব হিটলার, ইংল্যান্ডের টমাস টপলিং, যুক্তরাষ্ট্রের বস্ত্র ব্যবসায়ী আর্থার হিন্দ, সুইজারল্যান্ডের মরিচ বাগ্রাম, অস্ট্রিয়ার কাউন্ট ব্যারন ফিলিপ ফেরেরা প্রমুখ ব্যক্তিত্বরা। ডাক টিকিট সংগ্রাহক হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। ইংল্যান্ডের একজন শিক্ষক স্যার রোনাল্ড হিল ১৮৩৭ খৃষ্টাব্দে সরকারের কাছে ডাকটিকিটের মাধ্যমে পূর্বে প্রেরিত চিঠির মাসুল আদায়ের প্রস্তাব করেন। ১৮৪০ খৃষ্টাব্দে ১মে এ প্রস্তাব গৃহীত হলে বৃটিশ ডাক বিভাগ প্রকাশ করে রানী ভিক্টোরিয়ার ছবি সম্বলিত কালো রঙের এক পেনী মূল্য মানের একটি ডাক টিকিট। আনুষ্ঠানিক ভাবে ১৮৪০ সালের ৬মে থেকে ব্যবহার শুরু হয় এই ডাকটিকিটটির অপর নাম পেনী ব্ল্যাক। মি: রোনাল্ড হিলের প্রস্তাব এবং ডিজাইন অনুযায়ী পেনী ব্ল্যাকই বিশ্বের প্রথম ডাকটিকিট প্রকাশিত। অপরদিকে ভারতীয় উপমহাদেশে (পাক-ভারত-বাংলাদেশ) প্রথম ডাকটিকিট প্রকাশ হয় পাকিস্তানের সিন্ধু প্রদেশ থেকে ১৮৫২ সালের ১ জুলাই। আধ আনা মূল্যমানের এই ডাকটিকিটের আকার ছিল গোল আর রঙ ছিল লাল। এরপর ১৯৪৭ থেকে ১৯৭১ সালে স্বাধীনতার পূর্ব পর্যন্ত আমাদের দেশে পাকিস্তানের ডাকটিকিট ব্যবহৃত হত। বাংলাদেশের প্রথম ডাকটিকিট প্রকাশিত হয় প্রবাসী মুজিবনগর সরকারের উদ্যোগে ও তৎকালীন বৃটিশ পার্লামেন্ট সদস্য জনস্টোন হাউসের সহায়তায় ১৯৭১ সালের ২৯ জুলাই। বিভিন্ন মূল্যমানের ৮টির একসেট স্মারক ডাকটিকিট প্রকাশের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশে স্মারক ডাকটিকিটের যাত্রা শুরু হয়। তবে মুক্ত স্বাধীন বাংলাদেশে প্রথম ডাকটিকিট প্রকাশিত হয় ১৯৭২ সালের ২১ ফেব্রুয়ারি। ভাষা আন্দোলনের ২০তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ শহীদ মিনারের ছবি সম্বলিত এ স্মারক ডাকটিকিট (২০ পয়সা মূল্যমান) টি প্রকাশ করে। এই দীর্ঘ সময়ে বাংলাদেশ ডাক বিভাগ কর্তৃক প্রকাশিত ডাকটিকিটের মধ্যে রয়েছে দেশ-বিদেশের রাষ্ট্রনায়ক, রাজা-রাণী, খ্যাতিমান ব্যক্তিত্ব, ফুল, ফল, পশু, পাখি, কৃষি, মৎস্য, ক্রীড়া, বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক দিবস, জাতিসংঘ কার্যক্রম প্রভৃতি। তন্মধ্যে দেশ-বিদেশের খ্যাতিমান ব্যক্তিত্বদের উপর প্রকাশিত উল্লেখযোগ্য ডাক টিকিটের মধ্যে রয়েছে রাষ্ট্রনায়ক মরহুম শেখ মুজিবুর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, শেরে বাংলা এ কে ফজলুল হক, নবাব সিরাজ-উদ্-দৌলা, বার ভূঁইয়ার অন্যতম ঈশা খাঁ, শহীদ তিতুমীর, হাজী শরীয়তুল্লাহ, বেগম রোকেয়া, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বহু ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ, তুরস্কের জনক কামাল আতাতুর্ক, ডাকটিকিটের জনক স্যার রোনাল্ড হিল, রানী দ্বিতীয় এলিজাবেথ, প্রিন্সেস ডায়না,  সুর স্রষ্টা আয়াত উল্লাহ খাঁ, পল্লী কবি জসীম উদ্দীন, সুর সম্রাট আকল্লাস উদ্দীন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী, বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ, প্রমুখ। অদম্য কৌতূহল নিয়ে বিভিন্ন সভ্যতার প্রাচীন ইতিহাস, বিভিন্ন জাতির ইতিহাস, ঐতিহ্য, ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক অবস্থান জানার প্রয়াসেই রাজধানী ঢাকার বাইরে মফস্বল শহরেও কিছু সৌখিন মানুষ রয়েছে যারা শখের বশে ডাকটিকিট, পুরোনো মানচিত্র, ব্যাংক নোট, ডাক টিলতা প্রভৃতি সংগ্রহ করে থাকেন। বন্ধুবান্ধব ও পরিচিতজনদের নিয়ে বগুড়া ডাক বিভাগের সহযোগিতায় ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত কারণে ‘বগুড়া ফিলাটেলিক সোসাইটি’। মাত্র ১৭ জন ডাক টিকিট সংগ্রাহককে নিয়ে যাত্রা শুরু করা উত্তরবঙ্গের একমাত্র ফিলাটেলি সংগঠনে আজ প্রায় অর্ধশত সদস্য অন্তভূক্ত হয়েছে। ১৯৯৫ সালে প্রতিষ্ঠার পর পরই বগুড়া ফিলাটেলিক সোসাইটি ডাক বিভাগের সহযোগিতায় বিশ্বডাক দিবসে (৯ অক্টোবর) দু’টি ডাক টিকিট প্রদর্শনীর আয়োজন করে। যা অত্র জনপদে প্রথম ডাক টিকিট প্রদর্শনী। শুধু এখানেই বগুড়া ফিলাটেলিক সোসাইটির কর্মকা সীমাবদ্ধ নয়। ’৯৬ সালে রাজশাহীতে অনুষ্ঠিত আঞ্চলিক ডাক টিকিট প্রদর্শনীতে ৫ সদস্যের একটি টিম নিয়ে অংশগ্রহণ করেন। প্রতিবছর ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবসে বগুড়া ফিলাটেলিক সোসাইটির পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করেন। নিজের লেখা ডাক টিকিটের ওপর বিভিন্ন ফিচার স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রেরণ করেন। যার অধিকাংশই প্রকাশিত হয়েছে। তাই সৈয়দ ফজলে রাব্বী ডলারের মতো নতুন নতুন ডাকটিকিট সংগ্রাহক সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ডাকবিভাগ নতুন উদ্যোমে বিভিন্ন কর্মসূচি নিয়ে সারাদেশে ক্যাম্পেইন শুরু করবে এমনটাই প্রত্যাশা করেন ডাকটিকিট প্রেমী ফিলাটেলিস্টরা। তাদের প্রত্যাশা একটাই, আর তা হলো বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় মাদকমুক্ত সমাজ গঠনে ফিলাটেলিকে দেশব্যাপী ছড়িয়ে দেয়ার মধ্য দিয়ে তরুণ যুবকদের ডাকটিকিট সংগ্রহে অনুপ্রাণিত করতে ডাকবিভাগ ভূমিকা পালন করবে। 

 

উপরে