ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বুধবারের দুই সমাবেশের পর পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা স্বপ্ন দেখতে শুরু করেছেন, রাজ্যে লোকসভা ভোটে তাদের দল আশাতীত ভালো ফল করবে।
পশ্চিমবঙ্গে ৪২টির মধ্যে ২৩টি আসনে জয়ের লক্ষ্য নিয়ে বিজেপি প্রচারণা শুরু করেছে। যদিও অনেকের মতে এই লক্ষ্য অর্জন অসম্ভব। তবে বুধবার মোদির দু'টি জনসভার পর আশার আলো দেখছেন অনেকেই।
বিজেপির পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, কোনো দলই মাত্র ১০ কর্ম দিবসের নোটিশে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পূরণ করার চ্যালেঞ্জ গ্রহণ করেনি। কিন্তু আমরা করে দেখিয়েছি। বিজেপি রাজ্য ইউনিট ব্রিগেডে সাত থেকে আট লাখ মানুষের সমাবেশ হয়েছে।
যদিও অনেকই সেই দাবিকে ভিত্তিহীন বরে উড়িয়ে দিচ্ছেন। সভাস্থল এবং আশেপাশে দুই থেকে তিন লাখ মানুষ ছিলেন এবং তা কোনোভাবেই কম নয় বলে মনে করছেন বেশিরভাগ মানুষ।
এমনকি মোদির শিলিগুড়ির সভাতেও দেড় লাখের বেশি মানুষের সমাগম হয়েছিল। বিজেপির নেতা শিশির বাজোরিয়া সাংবাদিকদের জানান, দুই সভা শেষ করে বিমানে ওঠার আগে মোদিও দুই সভার সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন।
রাজ্য বিজেপির প্রধান দিলীপ ঘোষ বলেন, মোদির সভার পর 'টেম্পো' এখন 'বিজেপির পক্ষে' এবং লোকজন রাজ্যের বাস্তব পরিবর্তনের জন্য বিজেপিকে ভোট দিতে বদ্ধপরিকর। মোদি সকল গুরুত্বপূর্ণ বিষয় নিজের বক্তব্যে পেশ করেছেন। তিনি আমাদের প্রত্যাশার চেয়েও বেশি দিয়েছেন। এবার তার বক্তব্য আমরা মানুষের কাছে পৌঁছে দেব।
তিনি আরো বলেন, আগামী দেড় মাসে ভোটের আবহে মোদি বারবার প্রচারণার কারণে পশ্চিমবঙ্গে আসবেন। তিনি আমাদেরকে আক্রমণের লাইন দিয়েছেন এবং আরো দেবেন। এই সমাবেশগুলো বিশেষ করে ব্রিগেডের সমাবেশের পর, আমরা নিশ্চিত যে আমাদের ২৩ আসন পাওয়ার লক্ষ্য অর্জিত হবেই।