পাবনার ঈশ্বরদীর পাকশি হার্ডিঞ্জ ব্রিজের ওপর থেকে অজ্ঞাত (২৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম শহীদ জানান, বুধবার পাকশী পুলিশ ফাঁড়ির সদস্যরা পাকশী হার্ডিঞ্জ ব্রিজের ১১ নম্বর গার্ডারের ওপর একটি লাশ পড়ে থাকতে দেখে ঈশ্বরদী রেলওয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবীর দত্ত জানান, ধারনা করা হচ্ছে নিহত যুবক ঢাকা থেকে ঈশ্বরদী হয়ে খুলনাগামী আন্তঃনগর ৭৬৪ নম্বর ‘চিত্রা এক্সপ্রেস’ ট্রেনের যাত্রী ছিল। বুধবার ভোরে ট্রেনটি হার্ডিঞ্জ ব্রিজ অতিক্রম করার সময় ব্রিজের গার্ডারে ধাক্কা লেগে যুবকটি নিচে পড়ে মৃত্যু হতে পারে। তার মাথায় রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। নিহত যুবকের পরনে লুঙ্গি ও গায়ে লাল কালো ফুলহাতা শার্ট রয়েছে। ওসি আরো জানান, এ ব্যাপারে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। লাশের পরিচয় সনাক্ত না হলে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হবে।