বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। জেলায় মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়িয়ে ১১৫ জন বলাহচ্ছে সরকারিভাবে। এরই মধ্যে শনিবার আবারো ২জনের করোনা ভাইরাসে মারা যাওয়ার সংবাদ পাওয়া গেল। মারা যাওয়া দুই ব্যক্তিরা হলেন- শাজাহানপুর বড়পাথার এলাকার খামারী হেফজুল ইসলাম (৫০) এবং শিবগঞ্জের উপজেলার মহাস্থান এলাকার ব্যবসায়ী আলহাজ্ব সাখাওয়াত হোসেন (৭৫)।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে হেফজুল ইসলাম সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে এবং দুপুর সোয়া দুইটার দিকে সাখাওয়াত হোসেন টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।বগুড়ার সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও ডা. খায়রুল বাশার মমিন জানান, ২৪ জুলাই করোনায় শনাক্ত হন হেফজুল ইসলাম। শ্বাসকষ্ট ও জ্বরের তীব্রতা বেড়ে যাওয়ায় শুক্রবার (৭ আগস্ট) সকাল পৌণে ১০টার দিকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। পরে শনিবার সকালে হেফজুল ইসলাম মারা যান। সে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। একই সাথে লাশ জীবাণুমুক্ত করে পরিবারের কাছে হস্তাস্তর করা হয়েছে।
বগুড়া টিএমএসএস হাসপাতালের মুখপাত্র আব্দুর রহিম রুবেল জানান, ৪ আগস্ট দুপুরে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হন সাখাওয়াত হোসেন। নমুনা পরীক্ষার ফলাফলে ওই দিনই তিনি করোনা পজিটিভ শনাক্ত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তিনি মারা যান। আব্দুর রহিম রুবেল আরও জানান, লাশ জীবাণুমুক্ত করে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন