১৫ ঘণ্টা পর স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার ১ | Daily Chandni Bazar ১৫ ঘণ্টা পর স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার ১ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২১ ০৯:২৫
১৫ ঘণ্টা পর স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার ১
অনলাইন ডেস্ক

১৫ ঘণ্টা পর স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার ১

নওগাঁর মহাদেবপুর উপজেলায় নবম শ্রেনীর এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে। অপহরণের ১৫ ঘণ্টা পর শনিবার (৩ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার নাটশাল গ্রাম থেকে স্কুলছাত্রীকে উদ্ধার করে রাকিব হাসান (২১) নামে অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ।

এর আগে শুক্রবার রাতে মহাদেবপুর সদর ইউনিয়নের অলংকারপুর গ্রাম থেকে তাকে অপহরণ করা হয় বলে দাবি করেছেন ছাত্রীর বাবা। রাকিব উপজেলার শিবরামপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে তিনজনকে আসামি করে মহাদেবপুর থানায় ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে’ একটি মামলা দায়ের করেন।

নির্যাতনের শিকার স্কুলছাত্রীর বাবা বলেন, মেয়ে স্কুল ও প্রাইভেট থেকে আসা-যাওয়ার পথে রাকিব হাসান প্রায়ই উত্ত্যক্ত করত। বিষয়টি নিয়ে রাকিবকে একাধিকবার সতর্কও করা হয়েছিল। শুক্রবার রাত ১১টার দিকে প্রতিবেশীর বাড়ি থেকে বাসায় ফেরার পথে রাকিব ও তার লোকজন মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। পরে উপজেলার নাটশাল গ্রামের আবদুল মান্নানের বাড়িতে আটকে রেখে মেয়েকে ধর্ষণ করে রাকিব।

এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মহাদেবপুর থানার এসআই এমদাদ আলীর নেতৃত্বে নাটশাল এলাকায় অভিযান চালিয়ে মেয়েকে উদ্ধার এবং রাকিবকে গ্রেফতার করা হয় বলে তিনি জানান।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, ‌‘আটক রাকিবকে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। রোববার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন