করতোয়া নদীকে ফিরিয়ে আনতে কয়েক কিলোমিটারজুড়ে মানববন্ধন | Daily Chandni Bazar করতোয়া নদীকে ফিরিয়ে আনতে কয়েক কিলোমিটারজুড়ে মানববন্ধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২১ ০০:৩৮
করতোয়া নদীকে ফিরিয়ে আনতে কয়েক কিলোমিটারজুড়ে মানববন্ধন
ষ্টাফ রিপোর্টার

করতোয়া নদীকে ফিরিয়ে আনতে 
কয়েক কিলোমিটারজুড়ে মানববন্ধন

দখল ও দূষণমুক্ত করার দাবি নিয়ে বগুড়ায় মৃতপ্রায় করতোয়া নদীর তীর জুড়ে মানববন্ধন কর্মসূচি পালণ করা হয়েছে। শনিবার বেলা ১১ টা থেকে ১২টা পর্যন্ত বগুড়ার সাতমাথা এলাকায় এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) বগুড়া শাখা ও বেলা নেটওয়ার্ক যৌথভাবে কর্মসূচিটি পালন করে। একই সময় একই দাবীতে গোবিন্দগঞ্জ, বগুড়ার শিবগঞ্জের গুজিয়া, মহাস্থান ব্রিজ, শাজাহানপুরের মাঝিড়া, শেরপুরের গাড়িদহ এলাকায় এই মানববন্ধন পালন করা হয়। 

আয়োজকরা জানিয়েছেন, করতোয়া নদীকে দখল ও দূষণমুক্ত করাসহ নাব্যতা ফিরিয়ে আনতে উচ্চ আদালতের আদেশ বাস্তবায়নের দাবিতে এই মানববন্ধন। এ জন্য গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে শুরু করে বগুড়ার শেরপুর উপজেলা পর্যন্ত করতোয়া নদীর কয়েক কিলোমিটার ব্যাপী মানববন্ধন করা হয়। 
কর্মসূচীতে গাইবান্ধা ও বগুড়ার বিভিন্ন সংগঠন, ছাত্র, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, অন্যান্য পেশাজীবী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।  
মানববন্ধনে আয়োজকরা বলেন, করতোয়া নদীর তীরেই গড়ে উঠেছিল প্রায় আড়াই হাজার বছরের পুরোনো পুণ্ড্রনগর। ১২৩ কিলোমিটার এ নদীর গড় প্রস্থ ছিল ১৪৪ মিটার। তবে নব্বই দশকের দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কাঁটাখালি এলাকায় পানি উন্নয়ন বোর্ড একটি স্লুইস গেট নির্মাণ করে। এর পর থেকে নদী তার স্বাভাবিক গতি হারিয়ে মৃতপ্রায় হতে থাকে। শুধু তাই নয়, নগর ও শহরের বর্জ্য নদীতে ফেলাসহ দখল, দূষণ ও ব্যাপক হারে অবৈধভাবে বালু উত্তোলন চলতে থাকে। এর ফলে নদীর প্রাণবৈচিত্র্য বদলে যেতে থাকে। হারিয়ে যায় অসংখ্য জেলে, মাঝিসহ করতোয়া নদীকেন্দ্রীক পেশাজীবীরা।
আয়োজকরা জানান, ২০১৫ সালে নদীকে বাঁচানোর দাবিতে বেলা জনস্বার্থে হাইকোর্টে একটি রিট পিটিশন করে।  আদালত বিষয়টি আমলে নিয়ে নদীর আগের অবস্থা ফিরিয়ে আনতে বিবাদিদের প্রতি রুল জারি করেন। কিন্তু আদেশ জারির প্রায় ৭ বছর পেরিয়ে গেলেও এর বাস্তবায়নের কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না। 
এ জন্য আদালতের আদেশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবিতে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন। মানববন্ধনের মাধ্যমে করতোয়া নদীকে পুনরায় জীবিত করার দাবি জানান জনসাধারণ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন