চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকায় শিয়ালের মাংস বিক্রির অভিযোগে বেলাল হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে বন বিভাগের কর্মকর্তারা। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
শনিবার (১১ ডিসেম্বর) বিকেলে থানার হিলভিউ আবাসিক এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। একইদিন তার বিরুদ্ধে বন আদালতে মামলা দায়ের করা হয়। ওই মামলায় আদালত তাকে কারাগারে পাঠান।
খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত বেলাল হিলভিউ আবাসিক এলাকায় পোলট্রি মুরগি বিক্রি করেন। তবে বেলালসহ একটি চক্র মাঝেমধ্যেই ঘোষণা দিয়ে শিয়ালের মাংস বিক্রি করে থাকেন বলে স্থানীয়দের অভিযোগ। শুক্রবার রাতেও বেলালের নেতৃত্বাধীন চক্রটি একটি শিয়াল ধরে। এরপর বেলালের দোকানে সেটি জবাই করে পরদিন (শনিবার) সকাল থেকে বিক্রি শুরু করেন।
খবর পেয়ে শনিবার বিকেলে বন বিভাগের কর্মকর্তারা 'ক্রেতা সেজে' অভিযান পরিচালনা করেন। এরপর সেখান থেকে শিয়ালের মাংসহ বেলালকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর সদর রেঞ্জ কর্মকর্তা ইসমাইল হোসেন বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বেলালকে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম উত্তর বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা নাজমুল হাসান বলেন, গ্রেফতার বেলাল দুই হাজার টাকা কেজি দরে শিয়ালের মাংস বিক্রি করছিলেন। হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার চক্রে থাকা আরও পাঁচজনের নাম প্রকাশ করেছেন। এ ঘটনায় বেলালসহ মোট ছয়জনের বিরুদ্ধে বন আদালতে একটি মামলা দায়ের হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন