গাবতলীতে চুরির মামলায় ইউপি সদস্য প্রার্থীসহ দু’জন গ্রেফতার | Daily Chandni Bazar গাবতলীতে চুরির মামলায় ইউপি সদস্য প্রার্থীসহ দু’জন গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২১ ২০:০৭
গাবতলীতে চুরির মামলায় ইউপি সদস্য প্রার্থীসহ দু’জন গ্রেফতার
গাবতলী (বগুড়া) প্রতিনিধি

গাবতলীতে চুরির মামলায়
ইউপি সদস্য প্রার্থীসহ  দু’জন গ্রেফতার

বগুড়ার গাবতলীতে চুরির মামলায় এক ইউপি সদস্য প্রার্থীসহ দু’জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতদের গতকাল জেলহাজতে প্রেরণ করা হয়েছে।  জানা গেছে, গাবতলী উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের বাইগুনি গ্রামের মৃত আঃ কুদ্দুস প্রাং খোকার ছেলে আহসানুল কবীর সবুজের বাইগুনির দূর্গাহাটা ষ্ট্যান্ডে ‘বিসমিল্লাহ ট্রেডার্স এন্ড সেনিটারী ষ্টোর’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। গত ১৯শে ডিসেম্বর বিকেল সোয়া ৫টায় সবুজ দোকানের সার্টার বন্ধ করে পার্শ্ববর্তী মসজিদে যান মাগরিব নামাজ পড়ার জন্য। এ সময় আগে থেকেই ওঁত পেতে থাকা একদল চোর সবুজের দোকানের সার্টার খুলে ক্যাশ বাক্সের তালা ভেঙে নগদ ৭৮হাজার ৫’শ টাকা নিয়ে উধাও হয়। এ ঘটনায় সবুজ বাদী হয়ে মডেল থানায় একটি লিখিত অভিযোগ করলে পুলিশ সবুজের দোকানে থাকা সিসি ফুটেজের দৃশ্য দেখে চুরি কাজে ব্যবহৃত মোটর সাইকেলের নম্বর অনুসরণ করে চোরদের সনাক্ত করে। এরপর ২১শে ডিসেম্বর রাতে গাবতলীর সুখানপুকুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আমতলীপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে ইউপি সদস্য প্রার্থী ফারুক মিয়া (৩৪) এবং একই ইউনিয়নের চামুরপাড়া গ্রামের বদিউজ্জামানের ছেলে সানোয়ার হোসেন (৩০)কে গ্রেফতার করে গতকাল জেলহাজতে প্রেরণ করে। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই শামীম বলেন, বাইগুনীতে দোকান থেকে নগদ টাকা চুরির ঘটনায় ২জনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে এবং চুরিকৃত টাকার মধ্যে ১হাজার ৩’শ টাকা উদ্ধার করা হয়েছে।  

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন