কিশোরীকে টানা ১৪ বছর ধরে যৌন নিপীড়ন, ধর্মগুরুর কারাদণ্ড | Daily Chandni Bazar কিশোরীকে টানা ১৪ বছর ধরে যৌন নিপীড়ন, ধর্মগুরুর কারাদণ্ড | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ জানুয়ারী, ২০২২ ১৪:৩৫
কিশোরীকে টানা ১৪ বছর ধরে যৌন নিপীড়ন, ধর্মগুরুর কারাদণ্ড
অনলাইন ডেস্ক

কিশোরীকে টানা ১৪ বছর ধরে যৌন নিপীড়ন, ধর্মগুরুর কারাদণ্ড

জার্মানিতে এক কিশোরীকে ১৪ বছর আটকে রেখে যৌন নিপীড়ন করার দায়ে এক স্বঘোষিত ডাচ ‘ধর্মগুরু’র শাস্তি হয়েছে। তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন জার্মানির আদালত। সংবাদমাধ্যম ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।

রবার্ট বি. নামে ৫৯ বছর বয়সি স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে অভিযোগ ছিল—তিনি ২০০৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ১৩ বছর বয়স থেকে এক কিশোরীকে আটকে রেখে তার ওপর অন্তত ১৩২ বার যৌন নিপীড়ন চালিয়েছেন। নেদারল্যান্ডসের সীমান্তসংলগ্ন ক্লেভ শহরের আদালত গত বৃহস্পতিবার রবার্টকে পাঁচ বছরের কারাদণ্ড দেন।

নেদারল্যান্ডসসংলগ্ন আরেক শহর গখ-এ অভিযান চালিয়ে ২০২০ সালের অক্টোবরে টানা ১৪ বছর যৌন নিপীড়নের শিকার হওয়া বর্তমানে তরুণী ওই নিপীড়িতকে উদ্ধার করে জার্মান পুলিশ। এক উপাসনালয়ে পাওয়া যায় তাঁকে। সে অভিযানেই কথিত ‘ধর্মগুরু’ রবার্ট বি. গ্রেপ্তার হন। তাঁর প্রচারিত ‘অর্ডার অব ট্রান্সফর্ম্যান্টস' ধর্মের ৫৪ জন অনুসারীও তখন সে উপাসনালয়ে ছিলেন। অনুসারীদের মধ্যে ১০ জন শিশুও ছিল। জানা গেছে, রবার্ট বি. কথিত ‘অর্ডার অব ট্রান্সফর্ম্যান্টস'-এর অনুসারীদের কাছে নিজেকে ‘নবি’ দাবি করতেন।

রবার্ট বি. অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি- ভুক্তভোগী নারী ঈশ্বরের দর্শন পেয়েছিলেন এবং সে কারণে স্বেচ্ছায় তিনি নির্জনতাকে বরণ করেছিলেন। রবার্ট আইনজীবী জানিয়েছেন, ক্লেভের আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

 সূত্র : ডয়চে ভেলে

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন