বগুড়ায় ঐক্যবদ্ধ প্রচেষ্টায় যানজট সহনীয় পর্যায়ে আনার প্রত্যাশা পুলিশ সুপারের | Daily Chandni Bazar বগুড়ায় ঐক্যবদ্ধ প্রচেষ্টায় যানজট সহনীয় পর্যায়ে আনার প্রত্যাশা পুলিশ সুপারের | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ ফেব্রুয়ারী, ২০২২ ২২:৫০
বগুড়ায় ঐক্যবদ্ধ প্রচেষ্টায় যানজট সহনীয় পর্যায়ে আনার প্রত্যাশা পুলিশ সুপারের
ট্রাফিক বিভাগে যুক্ত হচ্ছে প্রশিক্ষিত ২২ জন কন্সটেবল
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় ঐক্যবদ্ধ প্রচেষ্টায় যানজট সহনীয় 
পর্যায়ে আনার প্রত্যাশা পুলিশ সুপারের

উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়ার যানজট সহনীয় পর্যায়ে আনার লক্ষ্যে ট্রাফিক বিভাগে জনবল বৃদ্ধিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম। পুলিশ লাইন্সের ২২ জন কন্সটেবল কে ট্রাফিক ম্যানেজমেন্ট কোর্স দিয়ে তাদের ট্রাফিক বিভাগে অস্থায়ীভাবে সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বুধবার সকালে বগুড়া পুলিশ লাইন্স অডিটোরিয়ামে দক্ষ ও বাছাইকৃত এই ২২ জন কন্সটেবলদের ৩দিন ব্যাপী ট্রাফিক ম্যানেজমেন্ট কোর্স উদ্বোধন পরবর্তী প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, ট্রাফিক ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে জেলা পুলিশের পেশাদারিত্ব এবং সদিচ্ছার বিন্দুমাত্র ত্রুটি নেই। কিন্তু এই সমস্যা সমাধানে দায়িত্বপ্রাপ্ত অন্যান্য দপ্তরকেও এগিয়ে আসতে হবে। সমন্বিতভাবে যানজট সহনীয় পর্যায়ে আনতে সুপরিকল্পিত রুপরেখা প্রণয়ন করতে হবে এবং যা বাস্তবায়নেও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, বগুড়ায় প্রতিদিন ৩ চাকার ব্যাটারিচালিত অটোরিক্সা বেড়েই চলেছে যাতে করে যেমন জনগণের ভোগান্তি হয়েছে তেমনি তারাও ভাড়া পাচ্ছেনা যাত্রী সংকটে। এমতাবস্থায় জেলা পুলিশের পক্ষ থেকে দিবস ভিত্তিক অর্থাৎ সপ্তাহে ৩ দিন করে যানবাহনের চলাচলে ভাগ করাসহ তাদের রং করে সড়কে পৃথক করার পরামর্শ প্রদান করা হয়েছে। তিনি বলেন, ট্রাফিক বিভাগে বর্তমানে পুরো জেলাজুড়ে জনবল রয়েছে ৬৫ জন তাই তিনি এই বিভাগে প্রশিক্ষিত আরো ২২ জনকে অস্থায়ীভাবে সংযুক্ত করেছেন। কিন্তু দিনশেষে পৌরসভাসহ পরিবহনের সাথে সংশ্লিষ্ট সকলকেই তিনি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান । না হলে এই সমস্যা সমাধান কখনোই জেলা পুলিশের পক্ষে একা সম্ভব নয় বলে মন্তব্য করেন জেলা পুলিশের এই কর্ণধার। অনুষ্ঠানে বগুড়া ট্রাফিক বিভাগে কর্মরত সকলকে আরো আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও মিডিয়া মুখপাত্র শরাফত ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) রফিকুল ইসলামসহ ট্রাফিক বিভাগের সকল কর্মকর্তাবৃন্দ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন