চুরির অভিযোগে ফাইজার-বায়োএনটেকের বিরুদ্ধে মামলা | Daily Chandni Bazar চুরির অভিযোগে ফাইজার-বায়োএনটেকের বিরুদ্ধে মামলা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২২ ১১:১৯
চুরির অভিযোগে ফাইজার-বায়োএনটেকের বিরুদ্ধে মামলা
অনলাইন ডেস্ক

চুরির অভিযোগে ফাইজার-বায়োএনটেকের বিরুদ্ধে মামলা

ফাইজার-বায়োএনটেকের বিরুদ্ধে টিকার ফর্মুলা চুরির অভিযোগে মামলা করেছে টিকা-ওষুধ প্রস্তুতকারী মার্কিন কোম্পানি মডার্না। অভিযুক্ত প্রতিষ্ঠান দুটিও টিকা ও ওষুধ প্রস্তুতকারী কোম্পানি। শুক্রবার (২৬ আগস্ট) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে মডার্না কর্তৃপক্ষ।

বিবৃতিতে জানানো হয়, মার্কিন কোম্পানি ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের একটি জেলা আদালত ও জার্মানির ডুসেলডর্ফের একটি আঞ্চলিক আদালতে পৃথক দুটি মামলা করেছে মডার্না কর্তৃপক্ষ। দুই মামলাতেই টিকার মূল উপাদান এমআরএনএ প্রযুক্তি চুরির অভিযোগ তোলা হয়েছে। পাশাপাশি ক্ষতিপূরণও দাবি করা হয়েছে।

বিবৃতিতে মডার্নার পক্ষ থেকে বলা হয়, আমাদের এই মামলা করার কারণ— সর্বাধুনিক ও খুবই কার্যকর এমআরএনএ প্রযুক্তি আবিষ্কারের কৃতত্ব আমাদের। কোম্পানির কোটি কোটি ডলার ব্যয় হয়েছে এই প্রযুক্তি আবিষ্কারে। করোনা মহামারির আগেই আমরা এই প্রযুক্তি আবিষ্কার করেছিলাম। ফাইজার-বায়োএনটেক আমাদেরকে না জানিয়ে এমআরএনএ প্রযুক্তি কোনোভাবে যোগাড় করেছে এবং মডার্না কর্তৃপক্ষের কোনো অনুমোদন না নিয়ে টিকা প্রস্তুত করে তা বাজারজাত করছে। এটা পরিষ্কারভাবেই বেআইনি কাজ।

মামলার অভিযোগে মর্ডানা আরও বলে, গত দুই বছরের ক্ষয়ক্ষতি আমরা হিসেবে ধরছি না। কিন্তু ২০২২ সালের ৮ মার্চ থেকে বর্তমান পর্যন্ত ফাইজার-বায়োএনটেকের কারণে আমাদের যে আর্থিক লোকসান হয়েছে, তার ক্ষতিপূরণ দাবি করছি।

এ বিষয়ে আরও তথ্য জানতে ফাইজার ও বায়েএনটেকের সঙ্গে যোগাযোগ করেছিলো বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম, কিন্তু দুই কোম্পানির কোনো কর্মকর্তাই মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত করোনা টিকা বিক্রি করে ফাইজার-বায়োএনটেক আয় করেছে প্রায় ২২ বিলিয়ন ডলার এবং মডার্না আয় করেছে ১০ বিলিয়ন ডলার।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন