অসুস্থ বাবাকে রক্ত দেওয়ার ১২ ঘণ্টা পর ছেলের মৃত্যু | Daily Chandni Bazar অসুস্থ বাবাকে রক্ত দেওয়ার ১২ ঘণ্টা পর ছেলের মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৩ ১১:০১
অসুস্থ বাবাকে রক্ত দেওয়ার ১২ ঘণ্টা পর ছেলের মৃত্যু
অনলাইন ডেস্ক

অসুস্থ বাবাকে রক্ত দেওয়ার ১২ ঘণ্টা পর ছেলের মৃত্যু

পাবনার সাঁথিয়া উপজেলায় অসুস্থ বাবাকে রক্ত দেওয়ার ১২ ঘণ্টা পর মজনু সেখ (৪২) নামে এক ব্যক্তি মারা গেছেন।

রোববার (২৬ মার্চ) দিনগত রাত ২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মজনু উপজেলার আতাইকুলা ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের নজু সেখের ছেলে। তিনি পেশায় গাড়িচালক ছিলেন।

সোমবার সকালে আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম বিশ্বাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মজনু সেখের মামা মনছুর আলী ঝন্টু জানান, মজনু ঢাকায় গাড়ি চালাতেন। তার বাবার অসুস্থতার কথা শুনে কয়েকদিন আগে গ্রামের আসেন। গুরুতর অসুস্থ বাবার চিকিৎসায় রক্তের প্রয়োজন হয়। রোববার দুপুরে তিনি তার বাবাকে নিজেই রক্ত দেন। রক্ত দিয়ে হাসপাতাল থেকে বাড়ি যান মজনু। বিশ্রাম না নিয়েই ক্ষেতে যান পেঁয়াজ তুলতে। সেখানে তিনি অসুস্থ বোধ করেন।

ঝন্টু আরও জানান, স্বজনরা তাকে রোববার বিকেলে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রাজশাহীতে রেফার করেন। রোববার রাতেই রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তিনি মারা যান।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন