নারায়ণগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণে নিহত বেড়ে ৩ | Daily Chandni Bazar নারায়ণগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণে নিহত বেড়ে ৩ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৫ মে, ২০২৩ ১৫:৫১
নারায়ণগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণে নিহত বেড়ে ৩
অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণে নিহত বেড়ে ৩

নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে মো. নিয়ন (২০) নামে আরও একজন নিহত হয়েছেন। এ নিয়ে নারায়ণগঞ্জে রূপগঞ্জের গাউছিয়ায় রহিমা স্টিল মিলে নিহতের সংখ্যা দাঁড়ালো ৩ জনে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।

তিনি বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে দগ্ধ অবস্থায় ছয় জন আমাদের এখানে এসেছিল। আজ সকালে নিয়ন নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তার শরীরের ৯৭ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায় দগ্ধ ইলিয়াস আলী। তার শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় এখন পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, নিহত নিয়নের বাড়ি রাজবাড়ী সদর থানার রামকান্তপুর এলাকায়।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে ছয় জন দগ্ধ হয়। তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আনা হয়। সেখানে সন্ধ্যায় শঙ্কর নামে একজনের মৃত্যু হয়। বর্তমানে রাব্বি (৩৫), ইব্রাহিম (৩৫) ও আলমগীর (৩৩) নামের তিন জন চিকিৎসাধীন রয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন