চেক জাল করে ৪০ লাখ টাকা আত্মসাৎ, অফিস সহায়কের বিরুদ্ধে মামলা | Daily Chandni Bazar চেক জাল করে ৪০ লাখ টাকা আত্মসাৎ, অফিস সহায়কের বিরুদ্ধে মামলা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৩ ১৫:০৬
চেক জাল করে ৪০ লাখ টাকা আত্মসাৎ, অফিস সহায়কের বিরুদ্ধে মামলা
অনলাইন ডেস্ক

চেক জাল করে ৪০ লাখ টাকা আত্মসাৎ, অফিস সহায়কের বিরুদ্ধে মামলা

চেক জাল করে ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে খুলনা জেলার মহেশ্বরী ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক (বর্তমানে সাময়িক বরখাস্ত) এম সোহেল আরমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত সোমবার (৯ অক্টোবর) দুদকের সহকারী পরিচালক তরুন কান্তি ঘোষ বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় খুলনায় মামলাটি দায়ের করেন।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুদকের জনসংযোগ দপ্তর বিষয়টি জানিয়েছে।

আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৮/৪৭১/৪৭৭ (ক) ধারাসহ ১৯৪৭ সালের ২ নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে ।

মামলার এজাহারে বলা হয়, আসামি খুলনা জেলা প্রশাসকের স্বাক্ষর জাল করে ৬টি চেকের মাধ্যমে ৭ লাখ টাকা, জেলা প্রশাসকের প্রকৃত স্বাক্ষরিত ৫টি ইস্যুকৃত চেকে টাকার অঙ্কের বাম পাশে অতিরিক্ত অঙ্ক বসিয়ে ৮ লাখ টাকা উত্তোলন করেন।

পাশাপাশি জেলার রেভিউনিউ ডেপুটি কালেক্টরের স্বাক্ষর জাল ও ভুয়া চিঠি তৈরি করে এনআরবিসি ব্যাংক থেকে ২৫ লাখ
টাকা জালিয়াতির মাধ্যমে উত্তোলন করেন। এভাবে সর্বমোট ৪০ লাখ টাকা আত্মসাৎ করেন। তদন্তকালে বর্ণিত অপরাধের সঙ্গে অন্য কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও আইনের আওতায় আনা হবে বলে এজাহারে উল্লেখ করা হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন