বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকতসহ পর্যটন নগরী কক্সবাজারে সড়ক, নৌ, বিমানপথে যোগাযোগের ব্যবস্থা থাকলেও নতুন করে যুক্ত হলো রেলপথ। বহুল প্রতীক্ষিত দোহাজারী-কক্সবাজার রেলপথ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে এ প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে এ প্রকল্পের অধীন নির্মিত দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনেরও উদ্বোধন করেন তিনি। এতে বাংলাদেশ রেলওয়ে নেটওয়ার্কের ৪৮তম জেলা হিসেবে যুক্ত হলো কক্সবাজার।
দুপুর ১টায় উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর হুইসেলে প্রথম যাত্রা হিসেবে কক্সবাজার থেকে রামুর উদ্দেশ্যে ছেড়েছে ট্রেন। এ ট্রেনে চড়ে রামুতে পৌঁছে সুধী সমাবেশে বক্তব্য দেবেন শেখ হাসিনা।
জানা গেছে, দুপুর ১টায় উদ্বোধনের পর আইকনিক রেলস্টেশনের টিকিট কাউন্টার থেকে ১টা ২১ মিনিটে টিকিট কাটেন প্রধানমন্ত্রী। এরপর সবুজ পতাকা উড়িয়ে প্রধানমন্ত্রীর হুইসেল বাজানোর মাধ্যমে ১টা ২৭ মিনিটে স্টেশন থেকে রামুর উদ্দেশে ছেড়ে যায় ট্রেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন