জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, যে গণতন্ত্র ও বাকস্বাধীনতার জন্য স্বাধীনতা যুদ্ধ হয়েছে, সে গণতন্ত্রকে সবসময়ই পদদলিত করেছে আওয়ামী লীগ। এই দলটির কারণেই জনগণ আজ স্বাধীনতার সুফল থেকে বঞ্চিত। তিনি বলেন, আওয়ামী লীগ আগে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে বাকশাল কায়েম করেছিল, এবার দেড়যুগ দেশবাসীকে ভোটাধিকার থেকে বঞ্চিত রেখেছে।
মঙ্গলবার দুপুরে পুরানা পল্টনের আল রাজি কমপ্লেক্সের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি ও সরকার পতনের একদফা দাবিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা চলমান অবরোধ কর্মসূচির সমর্থনে মিছিল পরবর্তী এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগর ঘুরে পুরানা পল্টনের আল রাজি কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মো. ফায়েকুজ্জামান, জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শিল্পী, গণদলের চেয়ারম্যান এ.টি.এম. গোলাম মাওলা চৌধুরী, মহাসচিব আবু সৈয়দ, বাংলাদেশ ন্যাপ এর চেয়ারম্যান এম.এন. শাওন সাদেকী ও মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, এনডিপি চেয়ারম্যান ক্বারী আবু তাহের ও মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল, ন্যাশনাল পিপলস পার্টি—এনপিপি এর প্রেসিডিয়াম সদস্য নবী চৌধুরী, ঢাকা মহানগর নেতা নজরুল ইসলামসহ জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যান্য নেতৃবৃন্দ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন