সরকারি সহায়তায় নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো রহিম বাদশার | Daily Chandni Bazar সরকারি সহায়তায় নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো রহিম বাদশার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ জুলাই, ২০২৫ ০১:৪৮
সরকারি সহায়তায় নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো রহিম বাদশার
উপজেলা সংবাদদাতা, সারিয়াকান্দি, বগুড়াঃ

সরকারি সহায়তায় নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো রহিম বাদশার

দীর্ঘদিনের দুর্দশার পর অবশেষে নতুন আশ্রয়ের মুখ দেখল রহিম বাদশার পরিবার। উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান এর আন্তরিক উদ্যোগে বাস্তবায়িত হলো এই অসহায় পরিবারের নতুন ঘরের স্বপ্ন।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে রহিম বাদশার হাতে ১ বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। এই সহায়তা এসেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দ থেকে।

রহিম বাদশার পরিবারে উপার্জনক্ষম কোনো ব্যক্তি নেই। তিনি দিনমজুরের কাজ করে কোনো রকমে পরিবার চালান। পুরনো, জরাজীর্ণ কুঁড়েঘরে তাদের দিন কাটত। প্রাকৃতিক দুর্যোগ, শীত ও গ্রীষ্মের অমানবিক পরিস্থিতিতে প্রতিনিয়ত কষ্ট ভোগ করতে হতো। ইউএনও’র সহায়তা তাদের জীবনে নতুন এক আশা ও স্বপ্নের আলো নিয়ে এসেছে।

রহিম বাদশা গভীর কৃতজ্ঞতার সঙ্গে বলেন, “আমি কখনো ভাবিনি, নতুন টিনের ঘর হবে আমার। ইউএনও স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন—এই ঋণ কখনো শোধ হবে না। তার জন্য আল্লাহর কাছে দোয়া করি।”

উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান বলেন, “প্রত্যেক অসহায় পরিবারের পাশে দাঁড়ানো সরকারের একটি নৈতিক দায়িত্ব। রহিম বাদশার পরিবার অনেকদিন ধরেই দুর্বিষহ জীবন যাপন করছিল। আমরা চেষ্টা করছি ধাপে ধাপে আরও সহযোগিতা দিতে, যেন তাদের জীবন কিছুটা হলেও স্বস্তির হয়।”

স্থানীয় বাসিন্দারা ইউএনও’র এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, প্রশাসনের এমন দায়িত্বশীল ভূমিকা সমাজে আশার আলো ছড়িয়ে দেয়। তারা আশা করছেন, সমাজের অন্যান্য অসহায় মানুষের প্রতি এভাবেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবে প্রশাসন।

এটি একটি উদাহরণ যে, মানবিক সহায়তা, সরকারি উদ্যোগ এবং সাধারণ মানুষের সহযোগিতায় জীবনযাত্রার মান উন্নয়ন সম্ভব।