সিসি ঢালাইয়ে অনিয়ম, দুই মাসেই ভেঙে পড়ছে রাস্তা | Daily Chandni Bazar সিসি ঢালাইয়ে অনিয়ম, দুই মাসেই ভেঙে পড়ছে রাস্তা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৫ ০২:১৬
সিসি ঢালাইয়ে অনিয়ম, দুই মাসেই ভেঙে পড়ছে রাস্তা
উপজেলা সংবাদদাতা, পীরগঞ্জ, রংপুরঃ

সিসি ঢালাইয়ে অনিয়ম, দুই মাসেই ভেঙে পড়ছে রাস্তা

রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছী ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় বাস্তবায়িত একটি সিসি ঢালাই রাস্তায় নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। ইতোমধ্যেই দুই মাসের মাথায় রাস্তার বিভিন্ন স্থানে ফাটল ধরেছে, কোথাও কোথাও ভেঙেও পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে রাস্তার কাজ তড়িঘড়ি করে শেষ করে ফেলা হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরের উপ-২৩ নং প্রকল্প অনুযায়ী সাদুল্যাপুর মৌজার পাকা রাস্তা থেকে মন্ডলপাড়া পর্যন্ত প্রায় ১১৯০ ফুট দীর্ঘ রাস্তা সিসি ঢালাইয়ের মাধ্যমে নির্মাণ করা হয়। এ কাজে ব্যয় ধরা হয় ১০ লাখ ৪৫ হাজার টাকা। বাস্তবায়ন করে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

তবে কাজ শুরুর পর থেকেই অনিয়মের অভিযোগ ওঠে। স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তার টেকসই কাঠামোর জন্য মানসম্মত খোয়া, পাথর ও সিমেন্ট ব্যবহারের কথা থাকলেও প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ইউপি সদস্য আবু বকর সিদ্দিক নিম্নমানের খোয়া, অতিরিক্ত বালু ও বড় আকারের পাথর দিয়ে সিসি ঢালাই সম্পন্ন করেন। নামমাত্র সিমেন্ট ও কম গ্রেডের রড ব্যবহারের অভিযোগও রয়েছে।

একজন স্থানীয় যুবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাস্তার কাজে ছোট খোয়ার বদলে বড় পাথর ব্যবহার করা হয়েছে। বালুর পরিমাণ এত বেশি ছিল যে সিমেন্টের সঙ্গে মিশে সঠিক সংমিশ্রণ হয়নি। এরই ফলে দুই মাসেই রাস্তায় ফাটল দেখা দিয়েছে।”

এছাড়াও অভিযোগ রয়েছে, রাস্তার দুই পাশের পাড় বা ‘বক্স কালভার্ট’ বাঁধার কথা থাকলেও তা করা হয়নি। ফলে বৃষ্টির সময় রাস্তার ধসের ঝুঁকি তৈরি হয়েছে।

স্থানীয়রা জানান, এই রাস্তাটি মন্ডলপাড়াসহ আশপাশের গ্রামের জনগণের প্রধান যাতায়াতপথ। অনিয়মতান্ত্রিকভাবে কাজ সম্পন্ন হওয়ায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে।

এলাকার যুবসমাজ বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছে। তারা বলেন, “আমরা চাই, এই রাস্তাটি যেন টেকসইভাবে নির্মাণ হয় এবং প্রকল্পের প্রতিটি টাকা যথাযথভাবে ব্যয় করা হয়। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

এ বিষয়ে কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী দ্রুত প্রশাসনের তদন্ত ও হস্তক্ষেপ কামনা করেছেন।