বগুড়ার সদর উপজেলার কৈপাড়া স্ট্যান্ড এলাকায় পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় যুবলীগ নেতাসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪-৫ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন আহত যুবকের মা।
ঘটনাটি ঘটে গত ৫ আগস্ট (সোমবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। নাটাইপূর্বপাড়ার বাসিন্দা রতন তালুকদার (২৪) কৈপাড়া এলাকায় এক দোকানে চা পান করছিলেন। এ সময় ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল্লাহ আল বাশির বাপ্পির নির্দেশে একদল যুবক পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগে বলা হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ১নং আসামি হাসিব শেখ হাতে থাকা বার্মিজ চাকু দিয়ে রতনের মাথায় আঘাত করতে গেলে তা পিঠে গিয়ে গুরুতর জখম করে। এরপর একাধিকবার আঘাত করে তার গলা ও পিঠে মারাত্মক রক্তাক্ত ক্ষত সৃষ্টি করে। এ ছাড়া রতন শেখ, রিপনসহ অন্য আসামিরা ধারালো অস্ত্র ও এসএস পাইপ দিয়ে উপর্যুপরি আঘাত চালায়।
রতনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
আহতের পরিবার দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযোগের তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।