স্বামীর দাবিতে অবস্থান, এরপর রহস্যজনক মৃত্যু! শিবগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার | Daily Chandni Bazar স্বামীর দাবিতে অবস্থান, এরপর রহস্যজনক মৃত্যু! শিবগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ আগস্ট, ২০২৫ ০৩:১২
স্বামীর দাবিতে অবস্থান, এরপর রহস্যজনক মৃত্যু! শিবগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
উপজেলা সংবাদদাতা, শিবগঞ্জ, বগুড়া

স্বামীর দাবিতে অবস্থান, এরপর রহস্যজনক মৃত্যু! শিবগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে স্বামীর বাড়িতে স্ত্রীর দাবিতে অবস্থান করা এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের ময়দানহাট্টা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম ফাতেমা আক্তার ববি (২০)। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের গোবিন্দপুর গ্রামের বেলাল হোসেনের মেয়ে। স্থানীয়রা জানান, ববি ওই গ্রামের আজাদ মন্ডলের ছেলে সোহেল মন্ডলের গোপন স্ত্রী ছিলেন।

ভালোবাসার ফাঁদ, গোপন বিয়ে, তারপর লুকোচুরি!

জানা যায়, গত ফেব্রুয়ারিতে প্রেমের ফাঁদে ফেলে এক সন্তানের জননী ববিকে বিয়ে করেন সোহেল। তাদের বিয়ে হয় গাইবান্ধার গোবিন্দগঞ্জ কোর্টে, এফিডেভিটের মাধ্যমে। এরপর বগুড়া শহরের মালতিনগরে ভাড়া বাসায় বসবাস করছিলেন তারা। তবে কিছুদিন পর থেকেই সোহেলের আচরণে পরিবর্তন আসে। হঠাৎ একদিন ভাড়া বাসা থেকে গা ঢাকা দেন তিনি।

স্বামীর খোঁজে হতাশ ববি শেষমেশ কয়েকদিন আগে শ্বশুরবাড়িতে এসে স্ত্রীর দাবিতে অবস্থান নেন। কিন্তু তার আগমনের খবর পেয়ে সোহেল আবারো সটকে পড়েন। এর মাঝেই বুধবার সন্ধ্যায় স্বামীর বাড়ির একটি ঘর থেকে ববির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুরনো সম্পর্ক, নতুন সম্পর্ক—জটিল পটভূমি

স্থানীয় সূত্রে জানা যায়, ববির আগের স্বামীও এই ময়দানহাট্টা গ্রামের বাসিন্দা। তাদের ৪ বছরের একটি কন্যাসন্তান রয়েছে এবং এখনও তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি।

ময়নাতদন্তের অপেক্ষা, রহস্যময় মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য

শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, “ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।”

এদিকে গৃহবধূর এই রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করছেন।