আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সে লক্ষ্যে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধেই তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) নির্বাচন ভবনে অনুষ্ঠিত নবম কমিশন সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
ইসি সানাউল্লাহ বলেন, “ভোটের দিন থেকে আনুমানিক ৬০ দিন আগেই তফসিল ঘোষণা করা হবে। ফেব্রুয়ারির ১৮ তারিখে রোজা শুরু হতে পারে—এর আগে নির্বাচন শেষ করতে হবে। সেই হিসেবে ডিসেম্বরের প্রথমার্ধেই তফসিল আসছে ধরে নেওয়া যায়।”
পোস্টাল ব্যালটে ভোট: প্রবাসী ও বিশেষ শ্রেণির ভোটারদের জন্য সুযোগ
সভায় প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটের প্রক্রিয়া নিয়েও সিদ্ধান্ত হয়। প্রবাসীরা ব্যালটে শুধুমাত্র প্রতীকে ভোট দিতে পারবেন। এ লক্ষ্যে ডাক বিভাগের তত্ত্বাবধানে বিশেষ কমিটি গঠন করা হবে।
পোস্টাল ব্যালট ব্যবহারের সুযোগ পাবেন:
প্রবাসী ভোটার
কারাবন্দি ও আইনি হেফাজতে থাকা নাগরিক
নির্বাচনী কাজে নিয়োজিত সরকারি কর্মকর্তা
এছাড়াও হাসপাতালের রোগী, সংবাদকর্মী ও জরুরি সেবায় নিযুক্তদের ভোটাধিকারে পোস্টাল ব্যালট চালুর সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
৩১ অক্টোবর পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ
২০২৫ সালের ৩১ অক্টোবর পর্যন্ত যারা ১৮ বছর পূর্ণ করবেন, তারা নতুন ভোটার হতে পারবেন এবং আসন্ন সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখের বেশি; নতুনভাবে আরও ৪৪ লাখের মতো ভোটার যুক্ত হবেন বলে জানানো হয়েছে।
এআই অপব্যবহার রোধে ইসির কঠোর অবস্থান
নির্বাচনকে প্রভাবিত করতে এআই-এর মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার রোধে আচরণ বিধিমালায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। ইসি জানিয়েছে, শুধুমাত্র প্রার্থী বা দল নয়, যে কেউ ভুয়া তথ্য ছড়াতে পারে—এজন্য একটি বিশেষজ্ঞ কমিটিও গঠন করা হয়েছে।
ড্রোন ও সিসি ক্যামেরা ব্যবহারে নিষেধাজ্ঞা
নির্বাচনী প্রচারণায় ড্রোন বা কোয়াডকপ্টার ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া ৪৫ হাজার ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন বাস্তবসম্মত নয় বলে জানায় ইসি।