ধুনট উপজেলার চান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরুল কায়েস খান ও বিশ্বহরিগাছা বহালগাছা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশেদুল বারী খান-এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ব্যবসায়ী আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, হাসান উল্লাহ নামের একটি ফেসবুক আইডি থেকে উভয় শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন ‘চাঁদাবাজি ও মাদক সেবন’ সংক্রান্ত তথ্য প্রচার করা হয়। ভুয়া পোস্টটি রকিবুল হাসান শেখ রকেট নামের একজন শেয়ার করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়।
গতকাল বিকেল ৩টার দিকে বিশ্বহরিগাছা বাজারে রকিবুল হাসান শেখের দোকানে কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। দোকানদার রকিবুল হামলা চালালে উপস্থিত লোকজন তা ছিনিয়ে নেন। ধস্তাধস্তির সময় রকিবুল মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পান এবং হাসপাতালে ভর্তি হন।
স্থানীয়রা জানান, প্রধান শিক্ষক এমরুল কায়েস খান ধুনট উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন এবং তার শতাধিক শিক্ষার্থী বর্তমানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও চাকরিতে নিয়োজিত। তাই এই ধরনের অপপ্রচার এলাকাবাসী মেনে নিতে পারেনি।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।