প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৮:৫৯
বগুড়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে ১৭ সেপ্টেম্বর দুপুরে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে।
দুপুর ১২টার দিকে শহরের প্রবেশদ্বার বনানী মাটিডালী সড়কে কয়েকশ শিক্ষার্থী জমায়েত হয়ে বিক্ষোভ শুরু করে। শিক্ষার্থীরা জানান, ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি প্রকৌশল সেক্টরের পেশাগত সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত অসম কমিটি প্রত্যাখ্যান এবং ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা দাবি রাষ্ট্রপক্ষ কর্তৃক প্রত্যাখানের দাবীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করে আসছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় তারা সড়কে নামতে বাধ্য হয়েছে।
প্রায় ৩ ঘণ্টা ধরে অবরোধ চলায় বনানী থেকে মাটিডালী সড়কে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ ও যাত্রীরা। বিশেষ করে রোগীবাহী অ্যাম্বুলেন্স ও অফিসগামী লোকজনকে চরম ভোগান্তি পোহাতে হয়।
এ সময় শিক্ষার্থীরা স্লোগান দিয়ে বলেন, “আমাদের ন্যায্য দাবিগুলো মানতে হবে, না হলে আন্দোলন চলবেই।” এ সময় তারা বলেন, বিএসসি ইঞ্জিনিয়ারদের নবম গ্রেট থেকে অষ্টম গ্রেডে উন্নীত হওয়া, কিন্তু তারা নবম গ্রেড থেকে দশম গ্রেডে আসার চেষ্টা করছে। আমরা এটার সমাধান চাই।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোস্তফা ও শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শফিকুর ইসলাম পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালায়। তবে শিক্ষার্থীরা তাদের দাবির লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।