রায়গঞ্জে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, জনতার তোপে পরীক্ষা স্থগিত | Daily Chandni Bazar রায়গঞ্জে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, জনতার তোপে পরীক্ষা স্থগিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৬
রায়গঞ্জে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, জনতার তোপে পরীক্ষা স্থগিত
উপজেলা সংবাদদাতা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ

রায়গঞ্জে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, জনতার তোপে পরীক্ষা স্থগিত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ধুবিল ইউনিয়নের মালতীনগর হযরত শাহজামাল দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের তীব্র প্রতিবাদ ও লিখিত অভিযোগের পর মাদ্রাসায় চলমান নিয়োগ পরীক্ষা স্থগিত করেন মহাপরিচালক (ডিজি) প্রতিনিধির দায়িত্বে থাকা শিক্ষা কর্মকর্তা মুর্শিদা করিম।

পরীক্ষার প্রেক্ষাপট

ওইদিন সকালে প্রতিষ্ঠানটিতে সুপার ও ইবতেদায়ী প্রধান এই দুটি পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সুপার পদে ৮ জন এবং ইবতেদায়ী প্রধান পদে ৪ জন প্রার্থী অংশ নেন। পরীক্ষার শুরুতে সবকিছু স্বাভাবিক থাকলেও কিছুক্ষণ পরই এলাকাবাসী পরীক্ষা হলে প্রবেশ করে পরীক্ষার্থীদের খাতা কেড়ে নেন। এসময় তারা নিয়োগ বাণিজ্যের অভিযোগ এনে পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন।

স্থানীয়দের অভিযোগ

ধুবিল ইউনিয়ন বিএনপির সহ-প্রচার সম্পাদক দুলাল হোসেন অভিযোগ করে বলেন, “এই নিয়োগ প্রক্রিয়া অনিয়মের ভিত্তিতে চলছে। আমাদের কাছে তথ্য আছে, দুইটি পদে প্রায় ২৫ লাখ টাকার বাণিজ্য হয়েছে।” তিনি দাবি করেন, জনগণের চাপেই অনিয়ম রোধে পরীক্ষা বন্ধ করতে বাধ্য হয়েছেন কর্তৃপক্ষ।

পরিচালনা কমিটির দাবি

অন্যদিকে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মালেক বলেন, “পরীক্ষাটি সম্পূর্ণ নিয়ম মেনে স্বচ্ছভাবে হচ্ছিল। কিন্তু স্থানীয় জনসাধারণের চাপের মুখে ডিজি প্রতিনিধি পরীক্ষা স্থগিত করেছেন। আমরা কোনো বাণিজ্যের সঙ্গে জড়িত নই।”

প্রশাসনের অবস্থান

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন জানান, “পরীক্ষাটি নিয়ম অনুযায়ী শুরু হয়েছিল। তবে অভিযোগ ওঠার পর এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ডিজি প্রতিনিধি তাৎক্ষণিকভাবে পরীক্ষা স্থগিত করেন।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবির বলেন, “ঘটনার বিষয়ে আমি আগে অবগত ছিলাম না। পরে উপজেলা শিক্ষা কর্মকর্তা ও ডিজি প্রতিনিধির সঙ্গে আলোচনা করে পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।”

ডিজি প্রতিনিধির মন্তব্য

ডিজি প্রতিনিধি মুর্শিদা করিম বলেন, “পরীক্ষার আগে কোনো অভিযোগ ছিল না। তবে পরীক্ষা চলাকালীন সময়ে লিখিত অভিযোগ পাওয়ার পরেই পরীক্ষা স্থগিত করা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করা হবে।”