গোবিন্দগঞ্জে মহাসড়কের পাশে অচেতন ৫ জন উদ্ধার | Daily Chandni Bazar গোবিন্দগঞ্জে মহাসড়কের পাশে অচেতন ৫ জন উদ্ধার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২৫ ০০:০৮
গোবিন্দগঞ্জে মহাসড়কের পাশে অচেতন ৫ জন উদ্ধার
গাইবান্ধা জেলা সংবাদদাতা:

গোবিন্দগঞ্জে মহাসড়কের পাশে অচেতন ৫ জন উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের পাশে অচেতন অবস্থায় ৫ জনকে উদ্ধার করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে উপজেলার বোয়ালিয়া ওভারপাসের পাশে তাদের পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয়রা জানান, রাতের কোনো এক সময় অজ্ঞাত ব্যক্তিরা তাদের মহাসড়কের পাশে ফেলে যায়। সকালে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে সর্বস্ব হারিয়ে অচেতন অবস্থায় মহাসড়কের পাশে ফেলে দেওয়া হয়।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফাহাদ আল আসাদ বলেন,

“সবাইকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসা চলছে। এর মধ্যে শাহীন ও হৃদয় নামে দুইজনের পরিচয় পাওয়া গেছে। হৃদয় দিনাজপুরের বাসিন্দা, তার স্বজনরা তাকে হাসপাতাল থেকে নিয়ে গেছেন। শাহীন সিরাজগঞ্জের বাসিন্দা, সে এখনও চিকিৎসাধীন রয়েছে।”

তিনি আরও বলেন, “অচেতনদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয়। বিশ্রামে রাখলে তারা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে।”

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান,

“প্রাথমিকভাবে জানা গেছে, তাদের ঢাকাগামী একটি ট্রাক থেকে নামিয়ে দেওয়া হয়। উদ্ধারকৃতদের কয়েকজনের বাড়ি সিরাজগঞ্জে। ঘটনার তদন্ত চলছে।”