মানব সভ্যতার ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা— মহান অক্টোবর বিপ্লব। বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের মুক্তির এই বিপ্লবের ১০৮তম বার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বিকেল ৪টায় বগুড়ার সাতমাথায় ছাত্র ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বগুড়া জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি মোঃ আমিনুল ফরিদ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক হাসান আলী শেখ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন— সিপিবি জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম, কমরেড শাহনিয়াজ কবির খান পাপ্পু, কমরেড সাজেদুর রহমান ঝিলাম, কমরেড অখিল পাল, ক্ষেতমজুর নেতা লিয়াকত আলী কাক্কু, শুভ শংকর গুহ রায় বাবুন, শ্রমিকনেতা আব্দুল কুদ্দুস, ছাত্রনেতা বায়োজিদ রহমান ও জয় ভৌমিক প্রমুখ।
নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন,
“মহান অক্টোবর বিপ্লব শুধু রাশিয়ার শ্রমজীবী মানুষকে শোষণের হাত থেকে মুক্ত করেনি, এটি সারা বিশ্বের শ্রমজীবী মানুষের মুক্তির আলোকবর্তিকা হয়ে উঠেছে।”
তাঁরা আরও বলেন,
“অক্টোবর বিপ্লব সমাজতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের মৌলিক অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করেছে। এই বিপ্লবের প্রেরণায় বিশ্বের বিভিন্ন দেশে উপনিবেশিক শোষণের অবসান ঘটে এবং স্বাধীনতা ও সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়।”
বক্তারা উল্লেখ করেন, বাংলাদেশের স্বাধীনতার ৫৬ বছর পেরিয়ে গেলেও এখনো শ্রমজীবী মানুষের প্রকৃত মুক্তি আসেনি। দেশে গণতন্ত্র ও বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণের জন্য সংগ্রামকে আরও জোরদার করার আহ্বান জানান তাঁরা।
নেতৃবৃন্দ একবাক্যে বলেন,
“সমাজতন্ত্রই গরিব মেহনতি মানুষের মুক্তির একমাত্র পথ।”
আলোচনা সভা শেষে আগামী ১৪ নভেম্বর ঢাকায় জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বগুড়া শহরে এক বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়।