টানা তৃতীয় বারের মতো বগুড়া জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন বগুড়া সদর থানার ওসি হাসান বাসির। ধারাবাহিক নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে সদর থানাকে আইনশৃঙ্খলা রক্ষার একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করায় তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
দায়িত্ব গ্রহণের পর থেকে ওসি হাসান বাসির অপরাধ দমন, মাদক নির্মূল, যানবাহন শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে সদর থানার পুলিশ সদস্যরা দিন-রাত পরিশ্রম করে নাগরিকদের নিরাপদ রাখতে সচেষ্ট রয়েছেন।
গতকাল (৯ অক্টোবর) বগুড়া জেলা পুলিশের আয়োজনে মাসিক অপরাধ সভায় মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে জেলার সব তদন্ত কেন্দ্র, ফাঁড়ি ও থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন তিনি।
এ সময় বগুড়া জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার জিদান আল মুসা পিপিএম এর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ওসি হাসান বাসির।
পুরস্কারপ্রাপ্তির পর তিনি বলেন,এই স্বীকৃতি শুধু আমার একার নয়, এটি পুরো সদর থানা পুলিশের সম্মিলিত পরিশ্রমের ফল। পুলিশ সুপার সর্বদা আমাদের কাজের প্রেরণার উৎস হয়ে আছেন।
তিনি আরও বলেন,বগুড়া সদর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহকর্মীদের যাঁরা পাশে থেকে সহযোগিতা করছেন তাদের সকলের প্রতিই আমি কৃতজ্ঞ।
ওসি হাসান বাসিরের ধারাবাহিক এই কৃতিত্ব বগুড়া জেলা পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে এবং স্থানীয় জনসাধারণ তাঁর এই সাফল্যে সন্তোষ ও গর্ব প্রকাশ করেছেন।