বগুড়ায় শুরু হচ্ছে ২৭তম জাতীয় ক্রিকেট লিগের খেলা | Daily Chandni Bazar বগুড়ায় শুরু হচ্ছে ২৭তম জাতীয় ক্রিকেট লিগের খেলা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫ ২২:৫৮
বগুড়ায় শুরু হচ্ছে ২৭তম জাতীয় ক্রিকেট লিগের খেলা
চাঁদনী স্পোর্টস রিপোর্টারঃ

বগুড়ায় শুরু হচ্ছে ২৭তম জাতীয় ক্রিকেট লিগের খেলা

বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়াম। - ফাইল ছবি

বগুড়ার ঐতিহাসিক শহীদ চাঁন্দু স্টেডিয়ামে আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের মর্যাদাপূর্ণ আসর — ২৭তম জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। এ ভেন্যুতে এবারের আসরে অনুষ্ঠিত হবে তিনটি চার দিনের ম্যাচ।

প্রথম ম্যাচেই মুখোমুখি হবে রংপুর বিভাগ বনাম বরিশাল বিভাগ। ম্যাচটি শুরু হবে আগামী শুক্রবার সকাল সাড়ে ৯টায়। এর আগে আগামীকাল বুধবার দুটি দল বগুড়ায় পৌঁছাবে এবং বৃহস্পতিবার সকাল ও বিকেলে শহীদ চাঁন্দু স্টেডিয়ামে নিজেদের অনুশীলন সেশন সম্পন্ন করবে।

দর্শকদের জন্য এবারও থাকছে সুখবর — কোনো টিকিট ছাড়াই গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। ফলে স্থানীয় দর্শকরা প্রিয় তারকাদের খেলা কাছ থেকে দেখার সুযোগ পাবেন।

বগুড়ায় এনসিএলের পরবর্তী দুই রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ থেকে ২৫ নভেম্বর এবং ৬ থেকে ৯ ডিসেম্বর। দ্বিতীয় ম্যাচে খেলবে সিলেট বিভাগ বনাম চট্টগ্রাম বিভাগ, আর তৃতীয় ম্যাচে মাঠে নামবে রংপুর বিভাগ বনাম খুলনা বিভাগ।

স্থানীয় ক্রিকেটপ্রেমীরা বলছেন, দীর্ঘদিন পর আবারও চাঁন্দু স্টেডিয়ামে এমন প্রতিযোগিতামূলক ম্যাচ দেখতে পারা তাদের জন্য এক বড় আনন্দের বিষয়।