জুলাই গণঅভ্যুত্থানকেন্দ্রিক প্ল্যাটফর্ম ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদী মাথায় গুলিবিদ্ধ হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। গুলিবিদ্ধ হওয়ার পর তিনি কোমায় (গভীর অচেতনাবস্থা) চলে গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোশতাক আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয় নগরের কালভার্ট এলাকায় অজ্ঞাত অস্ত্রধারীরা শরিফ ওসমান বিন হাদীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপুর ২টা ৩৫ মিনিটে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঢামেক হাসপাতালে ভিড় করেন ‘জুলাই অভ্যুত্থান’ আন্দোলনের নেতাকর্মীরা। তারা শরিফ ওসমান বিন হাদীর ওপর হামলার প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি তুলে ধরেন।